'পীস ইন্টারন্যাশনাল স্কুল'-এর নিবন্ধন বাতিল
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক নিবন্ধন পাওয়া ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পীস ইন্টারন্যাশনাল স্কুলের পাঠদানের অনুমতি বাতিল করতে শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আজই ইংরেজি মাধ্যমের ওই বিদ্যালয়ের সাময়িক নিবন্ধন বাতিল করা হয়। একই সঙ্গে নিবন্ধন বাতিল–সংক্রান্ত আদেশ বোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর ৫/৭, ব্লক-বি লালমাটিয়ায় অবস্থিত এই স্কুলকে নিবন্ধন দিয়েছিল ঢাকা বোর্ড। এ বিষয়ে স্কুলটির ওয়েবসাইটে দেওয়া মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি।
তবে একটি সূত্র জানিয়েছে, স্কুলের নাম পরিবর্তন করে পরিচালনার প্রক্রিয়া চলছে।
এদিকে আজই শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনহীন পীস স্কুলগুলো অবিলম্বে বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানায় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর আগে সরকার ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের উদ্যোগে চালু পীস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে সরকার।
বেশ কিছুদিন ধরেই পীস স্কুলগুলোর কার্যক্রম নিয়ে বিতর্ক চললেও সম্প্রতি দেশে কয়েকটি বড় জঙ্গি হামলার পর এই বিতর্ক আবারও সামনে আসে। বিচ্ছিন্নভাবে ‘পীস’ শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের শতাধিক স্কুল পরিচালিত হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন
পীস স্কুল বন্ধের নির্দেশ