'পীস' নামে চালু ঢাকার দুই কলেজ বন্ধের নির্দেশ
‘ঢাকা পীস কলেজ’ এবং ‘পীসফুল কলেজ’ নামে রাজধানীর দুটি কলেজের পাঠদানের অনুমোদন বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। অবিলম্বে এ দুটি প্রতিষ্ঠান বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে আদেশ জারি করেছে ঢাকা বোর্ড।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কলেজ দুটির শিক্ষার্থীরা চাইলে পার্শ্ববর্তী অন্য কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া হবে। আসন না থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বোর্ড সূত্র বলেছে, ‘ঢাকা পীস কলেজ’ ভাটারার নতুন বাজার এলাকায় অবস্থিত। সেখানে শিক্ষার্থী ১০২ জন। ‘পীসফুল কলেজ’ দক্ষিণ বনশ্রীতে অবস্থিত। সেখানে শিক্ষার্থী ১১৯ জন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে লালমাটিয়ায় অবস্থিত ‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর সাময়িক নিবন্ধন বাতিল করে ঢাকা বোর্ড। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ‘পীস’ নামে চালু অনুমোদনহীন সব স্কুল বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।