পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মুনাফালোভী পদ্ধতিই নারীকে পণ্য করে। এই অর্থনৈতিক ব্যবস্থায় নারীর কোনো সম্মান নেই। সেই কারণেই নারী নির্যাতন ও নারীর প্রতি বর্বরোচিত আচরণ সংঘটিত হচ্ছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। দেশব্যাপী যৌন নির্যাতনসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগর এই কর্মসূচির আয়োজন করে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে সনাক-টিআইবি, চট্টগ্রাম মহানগরের সভাপতি আকতার কবির চৌধুরী বলেন, নারী ও শিশুর প্রতি যারা সহিংসতা করে সেই অপরাধীদের বিচারে সরকারকে কঠোর হতে হবে।সমাবেশে সংগঠনের সহসভাপতি দেলোয়ার হোসেন মজুমদার বলেন, পুঁজিবাদী অর্থনীতির মুনাফালোভী ব্যবস্থা নারীকে পণ্য বানায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর রেহানা কবির, সমাজকর্মী জেসমিন সুলতানা, কিউ এম ওহিদুল আলম, শিল্পী শাহরিয়ার খালেদ, আইনজীবী মুজিবুল হক ও সমাজকর্মী শ্যামলী মজুমদার।