‘পুকুরগুলোকে গলাটিপে মারছে’
জলাশয় সংরক্ষণ বিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের সাতটি পুকুর প্রভাবশালীরা ভরাট করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। অধিকাংশ পুকুর ভরাটের আগে পৌর কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই পুকুর ভরাটের কারণে একদিকে যেমন পরিবেশের বিপর্যয় ঘটছে, অন্যদিকে তেমনি বাড়ছে মানুষের দুর্ভোগ। আরও কয়েকটি পুকুর ভরাটের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের মুরিহাটাসংলগ্ন পুকুরটি ছিল সবচেয়ে বড়। ১০ বছর আগে পুকুরটি ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়। এখন সেখানে ১১ তলা একটি ভবন দাঁড়িয়ে আছে। সেই থেকে শুরু হয় পুকুর ভরাট প্রক্রিয়া। এর তিন বছর পর নিরালা হোটেলের পেছনের পুকুরটি ভরাট করা হয়। গত তিন বছরে আরও পাঁচটি পুকুর ভরাট করা হয়। সেগুলো হলো—আলীয়া ছাত্রাবাসের পুকুর, মধুপুরের পুকুর, পীরবাড়ির সামনের পুকুর, মধ্যবাজার ও হাসপাতালের দক্ষিণ-পশ্চিমের পুকুর।স্থানীয় ব্যবসায়ী আয়াতউল্যা ও সাহাব উদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, গত এক বছরে শহরে পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময়মতো ফায়ার ব্রিগেড এলেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়।বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায়ই শহরে সাপ্লাইয়ের পানির সংকট দেখা দেয়। তখন বাসাবাড়ির মানুষ যে পুকুরে গিয়ে গোসল করবে, সে উপায়ও নেই। কারণ পুকুরগুলো গলাটিপে হত্যা করে ফেলেছে প্রভাবশালীরা।’আলীয়া মাদ্রাসার ছাত্রাবাসের পুকুর ভরাট প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনছুর আহম্মেদ বলেন, ‘ছাত্রাবাস পুনর্নিমাণের স্বার্থে পুকুরটি ভরাট করা হয়েছে।’ এ জন্য অনুমোদন নেওয়া হয়েছে কি না সেটা তাঁর জানা নেই।সর্বশেষ রায়পুর হাসপাতালের দক্ষিণ-পশ্চিমের পুকুরটি ভরাট করা হয়। ভরাটকারী আরিফ হোসেন দাবি করেন, পৌরসভা থেকে অনুমোদন নিয়ে পুকুরটি ভরাট করা হয়েছে। ১৪ শতাংশ পুকুর ভরাট করা হয়। অবশ্য ভরাটের পর এর অর্ধেক বিক্রিও হয়ে গেছে।মধুপুরের পুকুর ভরাট প্রসঙ্গে জানতে চাইলে মো. শিপন বলেন, ‘পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়নি। ডোবা ভরাটে যে অনুমোদন নিতে হয়—তা আমার জানা ছিল না।’উপজেলা পরিবেশ সংরক্ষণ কমিটির সদস্য আবুল খায়ের জানান, শহরের প্রাণকেন্দ্রের পুকুর-জলাশয় সংরক্ষণবিধি লঙ্ঘন করে ভরাট চলছে। ফলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বাড়ছে। রায়পুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এন সি মিত্র প্রথম আলোকে জানান, ব্যক্তি মালিকানায় পুকুর ভরাট করতে হলে পৌরসভার অনুমতি লাগে। এ জন্য ফিও দিতে হয়। এ পর্যন্ত পৌরসভা থেকে হাসপাতালের দক্ষিণ-পশ্চিমের পুকুরের আংশিক সাত শতাংশ ও পীরবাড়ির সামনের পুকুরের আংশিক ভরাটের অনুমতি দেওয়া হয়। যারা অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর ভরাট করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।