‘পুকুরে জাল ফেললে মাছ নয় ওঠে ফেনসিডিলের বোতল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে এখন হাত বাড়ালেই মাদকের দেখা মিলছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে অভিভাবক মহল। প্রতিবাদে গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রথম আলো বন্ধুসভাসহ প্রায় অর্ধশত সংগঠনের কয়েক হাজার মানুষ প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন পালন করে।আয়তনে ছোট হলেও দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় গোয়ালন্দ গুরুত্বপূর্ণ জায়গা। প্রতিদিন এ উপজেলার ওপর দিয়ে আট থেকে ১০ হাজার যানবাহন আসা-যাওয়া করে। এর মধ্যে প্রায় তিন হাজার যানবাহনই আসে সীমান্তবর্তী এলাকা থেকে। এসব যানবাহনে প্রায় প্রতিদিনই বিভিন্ন মাদকদ্রব্য পাচার হয়ে থাকে। বৃহস্পতিবার ভোরেও দৌলতদিয়া থেকে একটি প্রাইভেট কারভর্তি ১১৬ বোতল ফেনসিডিলসহ চালক বাবুল খাঁকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার ভোরে দৌলতদিয়া থেকে দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে চারটি যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল, ৩২টি গুলি ও আটটি ম্যাগাজিনসহ দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়। এ রকম প্রায় প্রতিদিনই বিভিন্ন মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র কৌশলে পাচার হয়ে যাচ্ছে। এ ছাড়া গোয়ালন্দ বাজার ও আশপাশ এলাকার অন্তত ২৫টি জায়গায় নিরাপদে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। কিন্তু মাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের উল্লেখযোগ্য সাফল্য নেই বললেই চলে।‘মাদকবিরোধী সামাজিক আন্দোলন’ সংগঠনের আহ্বানে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী পরিষদ, প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভাসহ প্রায় অর্ধশত সংগঠন শহিদ মহিউদ্দিন আনছার ক্লাব থেকে বাজারের প্রধান সড়ক হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধন পালন করে। এতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, রাজবাড়ী জেলা সিপিবির সাধারণ সম্পাদক আউয়াল আনোয়ার প্রমুখ।অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, মাদকের পরিস্থিতি এতই ভয়াবহ যে কলেজের পুকুরে জাল ফেললে মাছের পরিবর্তে এখন ফেনসিডিলের বোতল উঠে আসে। কলেজের পুকুরের পানি সেচলে কয়েক হাজার খালি বোতল পাওয়া যাবে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাস এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা সেবনের পর পুকুর ও তার আশপাশে খালি বোতল ফেলে চলে যায়। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করেছেন।