স্কুলশিক্ষক ফারজানা নূর হত্যা মামলায় মাহেনুর বেগম (৫০) রিমান্ডে স্বীকার করেছেন শাশুড়ি হিসেবে পুত্রবধূর প্রতি তিনি সঠিক দায়িত্ব পালন করেননি। শ্বশুরবাড়িতে ফারজানা ভালো আচরণ পাননি। সবাই তাঁকে অবজ্ঞা করেছে।গত বৃহস্পতিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এসব কথা বলেছেন বলে পুলিশ জানিয়েছে। এক দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার দুপুরে মাহেনুর বেগমকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুজ্জামান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফারজানার প্রতি শ্বশুরবাড়ির লোকজনের অবহেলা ও অবজ্ঞা ছিল বলে তাঁর শাশুড়ি স্বীকার করেছেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে মাহেনুর বেগমকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।এদিকে ফারজানার শ্বশুর চিকিৎসক এ বি এম আহছান উল্লা খানসহ বাকি তিন আসামিকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফারজানার বড় ভাই রেজোয়ান আহমেদ অভিযোগ করেন, মামলাটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য আসামিরা তাঁদের পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহীনুজ্জামান দাবি করেছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই। প্রসঙ্গত গত বছরের ২৪ জুন বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক ও নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুর গ্রামের বাসিন্দা বায়োজিদ বোস্তামীর সঙ্গে পারিবারিকভাবে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকসহ বিভিন্ন দাবিতে প্রায়ই ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে। গত ১৪ এপ্রিল ফারজানা একটি কন্যাসন্তান জন্ম দেন। এর তিন দিন পর তাঁর মৃত্যু হয়। ফারজানার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।