'পুনর্বিচারের' আবেদন নিয়ে বঙ্গভবনে সাকার ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে একটি আবেদন নিয়ে আজ শনিবার বিকেলে বঙ্গভবনে গেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বঙ্গভবনের ফটকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁর এ আবেদন নেননি। বরং তাঁকে ওই আবেদন আইন মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তাঁরা।
বিকেল চারটা ২০ মিনিটে বঙ্গভবনের ফটকে যান হুম্মাম কাদের চৌধুরী। সেখান থেকে ফেরার সময় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার সঠিক হয়নি। রাষ্ট্রপতি সংবিধানের অভিভাবক। তাই এ বিচার যাতে আবার করা হয়, রাষ্ট্রপতির কাছে এমন একটি আবেদন নিয়ে এসেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী যাঁদের সাক্ষ্য নেওয়ার আবেদন করেছেন, পুনর্বিচারে যেন তাঁদের সাক্ষ্য নেওয়া হয় এবং তাঁর পক্ষে যে কাগজপত্র (ডকুমেন্ট) আদালতে উপস্থাপন করা হয়েছে, তা যেন আবারও যাচাইবাছাই করা হয়—এসব বিষয় আবেদনে উল্লেখ রয়েছে।
হুম্মাম বলেন, তবে বঙ্গবভনের কর্মকর্তারা বলেছেন, তাঁরা সরাসরি কোনো আবেদন গ্রহণ করেন না। আইন মন্ত্রণালয়ে দিলে তা বঙ্গভবনে আসবে। তাই তাঁরা আইন মন্ত্রণালয়ে এ আবেদন উপস্থাপন করতে বলেছেন। হুম্মাম বলেন, আইন মন্ত্রণালয়ে এ আবেদন জমা দেবেন তিনি।
‘আইনমন্ত্রী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চেয়েছেন’—এ বিষয়ে জানতে চাইলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চেয়েছেন বলে আমি বিশ্বাস করি না। আমি বাবার মুখ থেকে শুনলে কেবল এ কথা বিশ্বাস করব। যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে চেনেন, তাঁরা জানেন, তিনি এমন লোক নন যে ফাঁসির ভয়ে বলে ফেলবেন, আমি গুনাহ করছি, মাফ করে দেন।’
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে। আইন মন্ত্রী যদি বলে থাকেন তিনি মাফ চেয়েছেন, তাহলে আমাদের আইনজীবীদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন?’