'পুরোনো সড়কে টোল নয়'
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয়, আঞ্চলিক ও জেলার পুরোনো সড়কগুলোতে টোল আরোপ করা হবে না। তবে নতুনভাবে কোনো সড়ক হলে টোল আরোপ করা হবে কি না, সরকার পরে সে সিদ্ধান্ত নেবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
গতকাল সোমবার মন্ত্রিসভা টোল নীতিমালা-২০১৪ অনুমোদন করে।
এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে ১৮৫১ সালের টোল অ্যাক্ট অনুযায়ী জারিকৃত বিভিন্ন প্রজ্ঞাপন, সার্কুলার, আদেশ ইত্যাদির মাধ্যমে অর্থ বিভাগের সম্মতিক্রমে টোল আদায় করা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে টোল আদায় পদ্ধতি স্বচ্ছ, আধুনিক, যুগোপযোগী ও সমন্বিত করার লক্ষ্যে টোল নীতিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী আরও জানান, বর্তমানে চট্টগ্রাম পোর্ট এজেন্স রোড, হাটিকুমরুল-বনপাড়া এবং হবিগঞ্জের রুস্তমপুর থেকে সিলেট জাফলং পর্যন্ত সড়কে টোল আদায় করা হয়। এ ছাড়া ৬১টি সেতু ও ৫০টি ফেরিঘাটে টোল আদায় করা হয়ে থাকে। তিনি বলেন, নতুন টোল নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০০ মিটারের নিচের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে। তবে ফেরির জায়গায় নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর পর্যন্ত টোল আদায়যোগ্য হবে।
ওবায়দুল কাদের বলেন, সড়কের শ্রেণী, যানবাহনের শ্রেণীভেদে টোল হার এবং সেতু ও সড়কের দৈর্ঘ্যের ভিত্তিতে একটি সূত্রে টোলের হার নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে নীতিমালায় উদাহরণ দিয়ে সুনির্দিষ্ট করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।