'পুলিশ আক্রান্ত হলেই আত্মরক্ষার্থে গুলি চালায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শহিদুল হক। ফাইল ছবি
এ কে এম শহিদুল হক। ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, ক্রসফায়ারে (বন্দুকযুদ্ধ) যেসব মৃত্যুর ঘটনা ঘটছে তা আইন সম্মতভাবেই হচ্ছে। কেননা, আত্মরক্ষার অধিকার পুলিশের আছে। পুলিশ যখন আক্রান্ত হয়, তখন আত্মরক্ষার্থে গুলি চালায়।
বাঘ আছে এমন নয়টি দেশের পুলিশ বাহিনী ও বন বিভাগের সদস্যদের নিয়ে রাজধানী ঢাকায় বাঘ রক্ষা বিষয়ে শুরু হওয়া দুই সপ্তাহের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তাঁর দাবি, দেশের আইনশৃঙ্খলা এখন যথেষ্ট ভালো রয়েছে। যাদের কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, তাদের দমন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ক্রসফায়ারে ছাত্রলীগের ছেলেরা মারা যাচ্ছে—এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইজিপি শহিদুল হক বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের আশ্রয়ে ব্যক্তিস্বার্থ অর্জনের জন্য কাজ করে। কাজেই তাদের সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ব্লগার হত্যায় নেপথ্যের শক্তি বা গডফাদারেরা ধরা পড়ছে না কেন?—জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, ইতিমধ্যে সাধারণ মানুষ ব্লগার হত্যার সঙ্গে জড়িত অনেককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশও অনেককে আটক করেছে। ব্লগার হত্যাকারীদের খোঁজে পুলিশ কাজ করছে। একদিন না একদিন তারা অবশ্যই ধরা পড়বে।

মিরপুরে পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক মিলনায়তনে ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, মূলত চোরা শিকারিদের হাতে বাঘ হত্যা বন্ধ করা ও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ যাতে চোরাচালান না হয়, সে জন্য এই দেশগুলো পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। বাঘ যাতে বিলুপ্ত না হয়ে টিকে থাকে, সেই লক্ষ্যে দেশগুলো এই উদ্যোগ নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করবে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শহিদুল হক বলেন, এই নিবিড় প্রশিক্ষণের মধ্য দিয়ে যে জ্ঞান ও দক্ষতা তৈরি হবে তা পৃথিবীর বাঘ জাতীয় প্রাণী রক্ষায় কাজে লাগানো হবে। দেশে যারা বন্যপ্রাণী চোরাচালানের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্টারপোলের পরিবেশ নিরাপত্তা বিভাগের অপরাধ গোয়েন্দা বিশ্লেষক ডারিও গালাসো বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী। বাঘ সমৃদ্ধ সব দেশেই বাঘ রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু একা বন বিভাগ বাঘ রক্ষা করতে পারছে না। কেননা, বাঘ হত্যা ও চোরাচালানের সঙ্গে বৈশ্বিক অপরাধী দল যুক্ত হয়ে পড়েছে। এই আন্তর্জাতিক চক্রকে মোকাবিলা করতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে। বাঘ সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।