ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী ধর্ষণের মামলাটি তদন্তে পুলিশ চরম অদক্ষতা ও গাফিলতি দেখিয়েছে বলে রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বলেছেন আদালত।
আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালাউদ্দিন আহম্মেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে মামলার একমাত্র আসামি ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন পুলিশের পরিদর্শক এস এস শাহাদাৎ হোসেন ও মাহবুব-এ-খোদা। বিশেষ করে পরিদর্শক শাহাদাৎ এই মামলার তদন্তে চরম অদক্ষতা ও গাফিলতি দেখিয়েছেন। পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার এ ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা সঠিকভাবে তদন্ত করলে, বিচারপ্রার্থীর অভিযোগ প্রমাণের জন্য তা অধিকতর সহায়ক হতো। তবে, তাঁদের তদন্তের দুর্বলতার কারণে এ মামলার যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি, তা বলা যায় না।
রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, রাষ্ট্রপক্ষ থেকে আদালতে উপস্থাপিত মৌখিক, দালিলিক ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো।