‘পুলিশ জনগণের বন্ধু কথাটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে’
‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পুলিশ জনগণের বন্ধু এ কথাটি আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারণ, পুলিশ চার হাজার টাকা নিয়ে আসামিদের গ্রেপ্তার ও আমার অপহূত মেয়েকে উদ্ধারের ব্যবস্থা নেয়নি। বরং মামলার তদন্তকারী অফিসার এসআই রাজেন্দ্র মোহন চাকী নানা কথা বলে অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন।’ এ অভিযোগ মেয়েটির অসহায় বাবা তোফাজ্জল হোসেনের। তিনি গত বৃহস্পতিবার দুপুরে রংপুরের বদরগঞ্জে একটি সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিতভাবে ওই অভিযোগ করেন।অভিযোগে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ইভ টিজিং প্রতিরোধে যে কঠোর ব্যবস্থা নিয়েছে, একজন অভিভাবক হিসেবে এ জন্য সাধুবাদ জানাই। আমার একমাত্র মেয়ে সপ্তম শ্রেণীতে বদরগঞ্জের আশরাফগঞ্জ হাইস্কুলে পড়াশোনা করত। গত ১২ জুন বিদ্যালয়ে আসার পথে তাকে অপহরণ করে উপজেলার বানুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনির হোসেনসহ (৩০) তার দলবল। এ ঘটনায় মনির হোসেনসহ চার ব্যক্তির বিরুদ্ধে বদরগঞ্জ থানায় পরদিন অপহরণ মামলা করি। কিন্তু ঘটনার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার কিংবা অপহরণকারীদের গ্রেপ্তার করতে পারেনি।’সংবাদ সম্মেলনে মেয়েটির ফুফা নূর ইসলাম, দাদা আবদুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) রাজেন্দ্র মোহন চাকী মেয়ের বাবার কাছে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটি অপহূত হয়নি। প্রেমের টানে ঘর ছেড়েছে।’