ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় থানা-পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। নিহত তাসিনের মা পলিনা খাতুনের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ খোঁজ নেয়নি। পুলিশ তৎপর হলে তাসিনকে জীবিত উদ্ধার করা যেত। অপহরণকারীরা খুন করার সাহস পেত না।
গত সোমবার উপজেলার মুশুলি গ্রামে আবদুল কাইয়ুমের ছয় বছরের ছেলে তাসিন অপহৃত হয়। একই গ্রামের শহীদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে বুধবার লাশটি উদ্ধার করে পুলিশ। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাসিনকে হত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মুশুলি গ্রামে গিয়ে পলিনা বেগমকে তাসিনের কবরের পাশে দেখা যায়। কবরের চারপাশে বেড়া দেওয়ার কাজ চলছে। পলিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘তাসিন সোমবার ভোরে নিখোঁজ হয়। আমার স্বামী আবদুল কাইয়ুম ওই দিন বিকেলে থানায় গিয়ে জিডি (নম্বর ৪৪৭) করেন। এমনকি অপহরণকারীদের রেকর্ড করা কথোপকথন পুলিশকে শোনানো পর্যন্ত হয়েছে। তার পরও পুলিশ বাড়িতে আসেনি। পুলিশের গাফিলতির কারণে আজ আমি পুত্রহারা হয়েছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, শিশু অপহরণের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলামকে জিডি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নিহত তাসিনের পরিবারের অভিযোগ সম্পর্কে গতকাল মুঠোফোনে নুরুল ইসলাম বলেন, ‘১৫ আগস্ট সারা দিন স্থানীয় সাংসদের নিরাপত্তা প্রটোকলে দায়িত্বরত ছিলাম। ১৬ আগস্ট আদালতে সাক্ষ্য দিতে গিয়েছি। ১৭ আগস্ট থানায় আসার পর জিডির কপি হাতে পাই। সেদিন রাতে তাসিনের লাশ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।’