‘পুলিশ বাহিনীকে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। এ আস্থার সংকট দূর করতে পুলিশ বাহিনীকে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করতে হবে। গতকাল সোমবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘জনমতের ভিত্তিতে পুলিশিং’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব পরামর্শ দেন। বক্তারা বলেন, পুলিশের ওপর আস্থাহীনতার কারণেই মানুষ বারবার নির্বাচনের সময় সেনা মোতায়েনের কথা বলে। রাজনৈতিক নেতাদের তদবিরে থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিয়োগ-বদলি হওয়ায় ওসিরা সংশ্লিষ্ট পুলিশ সুপারদের নিয়ন্ত্রণে থাকেন না। ফলে তাঁদের জবাবদিহি থাকে না। অবশ্য প্রধান অতিথির বক্তৃতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশ এখন আর পেটোয়া বাহিনী নয়। তাদের আর ‘ঠোলা’ ডাকা হয় না। কারণ, পুলিশ আগের চেয়ে অনেক দক্ষতা অর্জন করেছে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে পুলিশের অভূতপূর্ব ভূমিকার কথা অস্বীকার করা যাবে না। মানুষের মধ্যে এ আস্থাহীনতাকে আমরা দূর করার চেষ্টা করেছি। আমরা বলেছি, সেনাবাহিনী দিয়ে গণতান্ত্রিক নির্বাচন হয় না’। সহিংসতা হবে বলে আগাম তথ্য থাকা সত্ত্বেও হেফাজতে ইসলামকে কেন মতিঝিলে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো এবং কেন রাতের বেলা সেখানে অভিযান পরিচালনা করা হলো, সে প্রশ্ন তোলেন সাখাওয়াত হোসেন। এর জবাবে আইজিপি বলেন, ‘হেফাজতের অভিযান নিয়ে আমি একই সঙ্গে আস্থাশীল ও গর্বিত।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘পুলিশের বড় সমস্যা, তারা রাজনৈতিক বলয়ের মধ্যে চলে যাচ্ছে। এমন কিছু করতে হবে, যাতে রাজনৈতিক নেতারা পুলিশ বাহিনীকে ব্যবহার করতে না পারেন।’ একই বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ বলেন, পুলিশ-জনগণ সমষ্টিগতভাবেই সমস্যার সমাধান করতে হবে। সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, পুলিশ রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত না হলে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বক্তব্য দেন, যা পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন না। সাংসদেরা ওসিদের নিয়ন্ত্রণ করেন। কয়েকটি পর্বে আয়োজিত এ আলোচনা সভার প্রথম পর্বে প্রধান সঞ্চালক ছিলেন সাবেক আইজিপি এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (সিআইডি) মোখলেসুর রহমান, মিরপুর স্টাফ কলেজের প্রধান (রেক্টর) নাজমুল হক, শিশু অধিকার সংগঠন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক মো. এ আরাফাত প্রমুখ।