'পুলিশ সদস্যদের দু-একজন অপরাধ করতেই পারেন'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ১ লাখ ৭০ হাজার পুলিশ সদস্যের মধ্যে দু-একজন অপরাধ করতেই পারেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করে বিচারের মুখোমুখি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে মন্ত্রী বলেন, দেশে কোনো আইএস নেই। আইএসের প্রচারণা উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক প্রচেষ্টা। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। প্রধানমন্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি (প্রধানমন্ত্রী) আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স দেখান। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দলীয় নেতা-কর্মী, এমনকি মন্ত্রী-সাংসদদেরও ছাড় দেননি।
পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহির, বরিশাল রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক হুমায়ূন কবির, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হোসেন প্রমুখ।
সভা শেষে মন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘মাদক সন্ত্রাসের চেয়ে ভয়াবহ। মাদকমুক্ত দেশ বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। সব ক্ষেত্রে সফল হলেও আমাদের এ জায়গায় ব্যর্থতা রয়েছে।
এর আগে দুপর ১২টার দিকে মন্ত্রী পিরোজপুরের মাদকবিরোধী সংগঠন ইউনাইটেড রয়াল ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।