‘পুলিশ হরতাল করে পরথম দেখলাম’
‘বিগত দিনগুলোতে দেখে এসেছি হরতালের মধ্যে পুলিশ যানবাহন চলাচলে সহায়তা করে। এবার দেখলাম, সমাবেশে লোকসমাগম ঠেকাতে পুলিশই অঘোষিত হরতাল করল।’ গতকাল সোমবার সকালে সাভার বাসস্ট্যান্ডে আলাপকালে এ কথা বললেন পথচারী জানে আলম। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশখালী ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। আরেক পথচারী সরকারি কর্মকর্তা শামসুল হক বলেন, ‘আওয়ামী লীগের ডিজিটাল যুগের ডিজিটাল উপহার।’ জানে আলম ও শামসুল হক দুজনই থাকেন সাভারে। চাকরি করেন রাজধানীতে। তাঁরা প্রতিদিনই যাতায়াত করেন বাসে করে। কিন্তু ঢাকায় বিএনপির মহাসমাবেশে লোকসমাগম ঠেকাতে বাস চলাচল বন্ধ থাকায় গতকাল তাঁরা সাভার বাসস্ট্যান্ডে এসে আটকা পড়েন। বিকল্প যানবাহনে যাওয়ার চেষ্টা করেও পুলিশের বাধায় ব্যর্থ হন। পরে ক্ষোভে-দুঃখে বাসায় চলে যান।আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন সরকারি কর্মকর্তা মজিবর রহমান। ঘণ্টা খানেক দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে একটি ইজিবাইকে করে তিনি রওনা হন টঙ্গীর উদ্দেশে। কিছুদূর যাওয়ার পরই তাঁর গাড়িটি আটকে দেয় পুলিশ। পরিচয়পত্র দেখিয়ে অনেক মিনতি করেও পুলিশের মন গলাতে পারেননি তিনি। এ সময় রাগে-ক্ষোভে তিনি বলে ওঠেন, ‘সরকার জনগণের না রাজনৈতিক নেতাদের বুঝলাম না’। সাভারের আমিনবাজারের রিকশাচালক নুরুল হক বলেন, ‘পুলিশ হরতাল করে এবারই পরথম দেখলাম। রিকশা চালামু তাও চালাইবার দিব না।’ সরেজমিনে দেখা গেছে, সকাল ছয়টা থেকেই বিভিন্ন পেশার মানুষ কর্মস্থলে যাওয়ার উদ্দেশে সাভার, বাইপাইল ও জিরাবো বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। তবে তারও অনেক আগে এসব বাসস্ট্যান্ডের দখল নেয় পুলিশ। তারা যানবাহন চলাচলে বাধা দেয়। ফলে কয়েক ঘণ্টার মধ্যে কর্মস্থলগামী হাজার মানুষের ভিড় লেগে যায় বাসস্ট্যান্ডগুলোতে। কেউ কেউ মুঠোফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরিস্থিতির বর্ণনা করে কর্মস্থলে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। কিন্তু ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ফজলুল হক তাঁর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার মন গলাতে পারেননি। পরে তিনি প্রচণ্ড রাগে উচ্চকণ্ঠে বলে ওঠেন, ‘মরি আর বাঁচি অফিসে যাবই যাব’।