‘পুলিশই প্রথম পাক মিলিটারির ওপর গুলিটা চালাইছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশই প্রথম পাক মিলিটারির ওপর গুলিটা চালাইছে। অথচ আমাদের একজনও মুক্তিযুদ্ধে কোনো পুরস্কার (খেতাব) পায়নি।’ গতকাল বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এভাবে আফসোসের সুরে কথাটা বলেন মতিউর। জানালেন, একাত্তরের ২৫ মার্চ রাজারবাগে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তিনি নিজেও অস্ত্র ধরেছিলেন।স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন ও রাজারবাগে প্রথম প্রতিরোধে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সহায়তা করে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক উপ-পরিষদ। অনুষ্ঠানে এসেছিলেন সে সময়ে রাজারবাগে যুদ্ধে অংশ নেওয়া অন্য পুলিশ সদস্যরাও। অনুষ্ঠানজুড়ে মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার যথাযথ মূল্যায়ন না হওয়ার ক্ষোভ প্রকাশ করা হয়।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। আরও বক্তৃতা করেন সাংসদ গাজী গোলাম দস্তগীর, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। তত্কালীন রাজারবাগের ওয়্যারলেস অপারেটর শাহজাহান মিয়া বলেন, ‘পুলিশই প্রথম গুলিটা চালায় পাকিস্তানি বাহিনীর ওপর—সেটা ২৫ মার্চ রমনা এলাকায়, সম্ভবত রমনা থানার আশপাশে হবে। ২৫ মার্চ বিকেল থেকেই খবর আসছিল, রাজারবাগে হামলা হবে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমাদের পুরোনো থ্রি-নট-থ্রি রাইফেল নিয়ে।’স্মৃতিচারণা করে শাহজাহান বলেন, ‘রাত ১১টার কিছু আগে তেজগাঁওয়ে পুলিশের একটি টহল দল (চার্লি-৭) খবর দেয়, ৩৭ ট্রাকভর্তি সেনা ঢাকা শহরের উদ্দেশে আসছে। এ খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি সারা দেশের পুলিশের মধ্যে খবর ছড়িয়ে দিই, আমাদের ওপর আক্রমণ হয়েছে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ও বীরত্বের প্রশংসা করেন। তিনি পঁচাত্তর-পরবর্তী সরকারগুলোর বিরুদ্ধে পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের ভূমিকার প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ তোলেন।নাসির উদ্দীন ইউসুফ মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘একমাত্র পুলিশই মুক্তিযুদ্ধে কোনো খেতাব পায়নি। অথচ তারাই ঢাকা থেকে প্রথম প্রতিরোধ শুরু করেছিল। পুলিশের ভাগ্যে জোটেনি স্বাধীনতা পদকও। এখন তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া হোক।’ অনুষ্ঠানে দেশের ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন জোটের শিল্পীরা। সবশেষে পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।