'পুলিশকে বলেন মাকে উদ্ধার করে দিতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মায়ের সঙ্গে ঘুমাতাম। মাকে ছাড়া ঘুমাতে পারছি না, পড়তে পারছি না। আপনারা পুলিশকে বলেন মাকে উদ্ধার করে দিতে’—এই আকুতি রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারের।

গতকাল রোববার সকালে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে বারবার কেঁদে ফেলে এই শিশু। দেড় মাস ধরে তার মা জোহরা বেগমের খোঁজ মিলছে না। পরিবার বলছে, তাঁকে অপহরণ করা হয়েছে। জোহরা বেগমের স্বামী আহমদ সাঈদ অসুস্থ।

জোহরা বেগমের বড় ছেলে মো. হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, গত ৩০ মার্চ জোহরা বেগমকে পরিচিত এক নারী মুঠোফোনে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁর মাকে খুঁজে পাচ্ছেন না তাঁরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রথমে জিডি ও পরে অপহরণের মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোহরা বেগমের ছোট ছেলে মো. সালাউদ্দিন, বড় মেয়ের জামাই মো. সারওয়ার আলম এবং ননদের ছেলে মো. সেলিম উদ্দিন।