'পুলিশি হয়রানিতে' চার দিন প্রচারণায় নেই বিএনপি

ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে চার দিন ধরে প্রচারণার মাঠে নেই বিএনপির নেতা-কর্মীরা। দলটির নেতা–কর্মীরা বলছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর সক্রিয় থাকলেও গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশির কারণে এখন আর মাঠে নামতে পারছেন না তাঁরা।
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের কর্মীরা জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৩ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী ইরফান ইবনে আমান ও ঢাকা-৩ আসনে দলটির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
ইরফান ইবনে আমান গত বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘গত দুই দিনে আমার দলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ আমার কর্মীদের ধরতে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। পুলিশের গ্রেপ্তারি অভিযানে নেতা-কর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না। বৃহস্পতিবার কেরানীগঞ্জের রোহিতপুর, বড়ুইকান্দি, আটি ভাওয়াল, তারানগর, তেঁতুলঝরা ও কামরাঙ্গীরচর এলাকায় আমার নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।’
বিএনপির কর্মীরা বলেন, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বিএনপির কর্মী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। সাভারের তেঁতুলঝাড়া থেকে আরিফ হোসেন নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়। বুধবার কামরাঙ্গীরচরে বিএনপির কর্মী আবু জাফরের বাসায় অভিযান চালানো হয়।
ইরফান বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এতে আমি নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে যেতে পারছি না। আমাদের সমস্যাগুলো নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
ঢাকা-৩ আসনের বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বলেন, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। যাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, তাঁদের ধরতেও অভিযান চালানো হচ্ছে। গত কয়েক দিনে এই প্রবণতা বেড়েছে। শুভাঢ্যা, তেঘরিয়াসহ বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
মোজাদ্দেদ আরও বলেন, পু্লিশের হয়রানির আতঙ্কে নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। তাই বুধবার থেকে তাঁরা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ থেকে দূরে আছেন।
এই আসনের বিএনপির কর্মীরা জানান, বৃহস্পতিবার জিনজিরার ডাকপাড়া থেকে স্থানীয় বিএনপির কর্মী মাসুমকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমীনের বাসায় পুলিশ অভিযান চালায়। তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহ্ নেওয়াজের বাসায়ও পুলিশ অভিযান চালিয়েছে।
ঢাকা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম বলেন, ‘বিএনপির প্রার্থী ইরফান আমানের অভিযোগ সঠিক নয়। বরং ইরফান আমান নির্বাচনী প্রচারে নেমে আমাদের দলের প্রার্থী কামরুল ইসলামের উন্নয়ন সম্পর্কে অপপ্রচার চালাচ্ছেন। এতে দলের নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পুলিশ অহেতুক কাউকে হয়রানি করছে না। যাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাঁদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় ৫০০–৬০০ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, ‘শুনেছি, আমিনবাজার এলাকার একটি ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দুই দিন আগে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত আমার কাছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও অনিয়মের অভিযোগ আসেনি।’