'পুলিশে মারলে তোর কী?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক এক রিকশাচালককে মারছিলেন এক ট্রাফিক পুলিশের এক সদস্য। তাই দেখে বেসরকারি চাকুরে জসীমউদদীন সামনে এগিয়ে বললেন, ‘বাবার বয়সী লোকটাকে মারেন কেন?’ এরপর জসীমের ওপরও চড়াও হন ওই ট্রাফিক সদস্য। বলতে থাকেন, ‘পুলিশে মারলে তোর কী? পুলিশের কাজে বাধা দ্যাস। তোর অত জানার দরকার কী?’ পরে তাঁকে ধরে নিয়ে যেতে চাইলে জড়ো হওয়া লোকজন তাতে বাধা দেন।
গতকাল বুধবার দুপুর দুইটার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বয়স্ক এক রিকশাওয়ালাকে অমানবিকভাবে মারছিলেন ফিরোজ নামের একজন ট্রাফিক সদস্য। মারার কারণ জানতে চাইলেন এক যুবক। এরপর ওই যুবককে ধরে পেটাতে থাকেন ওই পুলিশ সদস্য। এ সময় একটি পুলিশভ্যান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মানুষের ভিড় দেখে থামে। ভ্যানে থাকা ১০-১২ জন পুলিশ সদস্যও ট্রাফিক সদস্যদের সঙ্গে ওই যুবককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। জড়ো হওয়া লোকজনকেও লাঠির গুঁতোয় সরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ওই যুবককে ধরে নিয়ে যেতে চাইলে লোকজন তাতে বাধা দেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি প্রযুক্তিসামগ্রী বিক্রির প্রতিষ্ঠানে কাজ করেন ঘটনার শিকার যুবক জসীমউদদীন (২২)।
প্রথম আলোকে জসীম বলেন, বৃদ্ধ এক রিকশাওয়ালাকে মারার কারণ জানতে চাওয়ায় আমাকে মারধর করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।