'পুলিশের অত্যাচার বরদাশত করা হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ওপর পুলিশের অত্যাচার বরদাশত করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। সম্প্রতি দেশে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় নগর পুলিশকে অপরাধমুক্ত রাখতে উদ্ধুব্ধকরণ সভায় আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দামপাড়া পুলিশ লাইন মাঠে তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত নগর পুলিশের আটশ সদস্যকে শপথও পাঠ করান তিনি। 

নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পুলিশের দু’চারজন খারাপ লোকের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে। দায়িত্বটা সেবার মনোভাব নিয়ে করতে হবে। চাকরি করি, বেতন পাই। এ মনোভাব নিয়ে কাজ করলে আনন্দ পাবেন না। মানুষকে সেবার দেওয়ার জন্য কাজ করছি-এ মনোভাব থাকতে হবে। পুলিশের জন্মই মানুষের সেবা করার জন্য। মানুষকে অত্যাচার করতে নয়। মানুষকে পুলিশের অত্যাচার বরদাশত করা হবে না। আর করেও কেউ রেহাই পাবে না। কোনো বিপদে পড়লে মানুষ প্রথমেই পুলিশের কাছে ছুটে আসে। এ ক্ষেত্রে পুলিশের মানুষের সেবা করার সুযোগ বেশি রয়েছে। কাজের মাধ্যমে পুলিশকে এটি প্রমাণ করতে হবে।
ঢাকায় চা-দোকানি বাবুল মাতব্বরকে জ্বলন্ত চুলায় লাথি মারার অভিযোগ প্রসঙ্গে আবদুল জলিল বলেন, এটি পুলিশের কাজ নয়। কেউ অপরাধী হলে পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবে।
সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সোনার বার, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নগর পুলিশের একাধিক সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সবাইকে সতর্ক হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ান, উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, উপ কমিশনার (সদর) ফারুক আহমেদ প্রমুখ।