‘পুলিশের ওপর হামলার ডায়েরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়েরির ওপর হাতে লেখা ‘পুলিশের ওপর হামলার ডায়েরি’। এতে পুলিশের ওপর কখন হামলা করতে হবে; হামলায় ইটপাটকেলসহ কী কী সরঞ্জাম সঙ্গে রাখতে হবে ইত্যাদি উল্লেখ রয়েছে।এ রকম হাতে লেখা ডায়েরিসহ সহস্রাধিক ধর্মীয় বই উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের আটটি কক্ষ তল্লাশি করে এগুলো উদ্ধার করা হয়। তবে ওই সময় কক্ষের কোনো ছাত্রকে পায়নি পুলিশ।পুলিশ জানায়, ছাত্রাবাস থেকে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির পুলিশের ওপর হামলার পরিকল্পনা করছে—এ রকম তথ্য পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল ছাত্রাবাসে অভিযান চালায়। অভিযান চলাকালে ছাত্রাবাসের কোনো কক্ষে কাউকে পাওয়া যায়নি। তবে আটটি কক্ষ থেকে জামায়াত-শিবিরের বিভিন্ন সাংগঠনিক পুস্তিকাসহ প্রায় এক হাজার ৬০০ বই উদ্ধার করা হয়। এ বইগুলোর মধ্যে ‘পুলিশের ওপর হামলার ডায়েরি’টি পুুলিশ পায়।বই ও ডায়েরি জব্দ করা হয়েছে জানিয়ে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, ডায়েরির প্রায় অর্ধেক পাতা লেখা রয়েছে। এতে পুলিশের ওপর হামলায় করণীয়সহ নানা রকম নির্দেশনা দেখা গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, সিলেটে এ পর্যন্ত পুলিশের ওপর জামায়াত-শিবিরের যত হামলা হয়েছে, সবই ওই ডায়েরিতে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে।উদ্ধার করা ডায়েরি ও বই জব্দ করে ওই কক্ষের বাসিন্দা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান। ১৫ শিবিরকর্মী রিমান্ডে: ৫ ডিসেম্বর সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জন শিবিরকর্মীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল হোসাইন গতকাল সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৫ আসামিকে হাজির করে রিমান্ড আবেদন করেন। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।