‘পুলিশের ওপর হামলার পরিকল্পনায় বৈঠক চলছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন নারকেলতলা এলাকার একটি বাড়ি থেকে ইসলামী ছাত্রশিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তার হওয়া ওই নেতা-কর্মীরা নগরের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতে বৈঠকে মিলিত হয়েছিলেন বলে পুলিশ দাবি করছে।গ্রেপ্তার হওয়া ১৪ জন হলেন ফিরোজ আহাম্মেদ (২৬), নুরুল হক (২৬), এমদাদ (২৩), মেহেদী হাসান (১৯), যোবায়ের (২০), রাসেল আহম্মেদ (২২), আনোয়ার হোসেন (২৬), মামুন (১৯), শাকিল আহাম্মদ (১৯), বোরহান উদ্দিন (২২), মাসুম (২০), হামেদ হাসান (১৮), আলী আকবর (২৮) ও মানিক (১৮)।এঁদের মধ্যে ফিরোজ ও নুরুল হক চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সদস্য। আলী আকবর ও মানিক ছাত্রশিবিরের কর্মী। অন্য ১০ জন পতেঙ্গা এলাকার ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের সাথি।অভিযানে অংশ নেওয়া পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া শিবির নেতা-কর্মীরা মাসিক সভায় মিলিত হয়ে ধ্বংসাত্মক কার্যকলাপের পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বৈঠকে তাঁরা নগরের বন্দর, হলিশহর, কোতোয়ালি ও পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলাসহ নাশকতার পরিকল্পনা করছিলেন।’চট্টগ্রাম নগর পুলিশের বন্দর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে দলীয় কর্মসূচি, চাঁদার বই, ডায়েরি, সাথি তালিকা উদ্ধার করা হয়েছে। এঁদের কয়েকজন বন্দর থানার একটি মামলারও আসামি।’