'পুলিশের কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, রাস্তায় হাইওয়ে কিংবা পুলিশের কোনো সদস্য চাঁদাবাজি করলে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের কিংবা মতের লোক চাঁদাবাজি করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান। ঈদুল আজহাকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবহন মালিক ও শ্রমিকনেতারা অভিযোগ করেন, কাগজপত্র তল্লাশির নামে পুলিশ অহেতুক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চালকদের হয়রানি করে। কাগজপত্র ঠিক না থাকলে মামলা কিংবা জরিমানা না করে ইচ্ছেমাফিক চাঁদা আদায় করে। এ ছাড়া রিকুইজিশনের নামেও চালকদের হয়রানি করা হয়।
সভায় মালিক-শ্রমিকেরা ঈদের আগে-পরে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ না রেখে চার দিন করার প্রস্তাব করেন। শুধু ঈদের আগে মালিক-শ্রমিকদের সঙ্গে সভা না করে তিন মাস পর পর এ ধরনের সভা করার পরামর্শ দেন তাঁরা।
ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঈদুল আজহা ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তাঘাট ও পশুর হাটে অজ্ঞান পার্টি, মলমপার্টি ও ছিনতাইকারীদের তৎপরতা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা সভায় জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ প্রমুখ।