‘পুলিশের ঘরে’ চুরি হেরোইনসেবী জেলে
‘প্রতিদিন কমপক্ষে এক পুরিয়া হেরোইন নিতে হয়। এর দাম ৫০ টাকা। সময়মতো হেরোইন না নিলে শরীর ঝিমঝিম করে, খিঁচুনি শুরু হয়। দম বন্ধ হয়ে আসে। তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। হেরোইনের পুরিয়া সংগ্রহের জন্য পাগল হয়ে যাই। টাকার জন্য মরিয়া হয়ে উঠি। তখন চুরি বুঝি না, ছিনতাই বুঝি না, টাকা চাই-ই চাই। ঘরের চাল হোক, স্ত্রীর গয়না হোক বা শরীরের রক্তই হোক—সব বিক্রি করে হলেও হেরোইনের পুরিয়া চাই।’ কথাগুলো জয়পুরহাট শহরের ধানমন্ডি সুখনগর এলাকার মেহেদী হাসানের (২৮)। নেশার টাকার জন্য গত বুধবার সন্ধ্যায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি এভাবেই তাঁর দোষ স্বীকার করেন।কালাই থানার পুলিশ সূত্র জানায়, মেহেদী গত বুধবার সন্ধ্যার একটু আগে থানার অফিসার্স কোয়ার্টার এলাকায় ঢোকেন। এ সময় তিনি কয়েকটি বাসার জানালা দিয়ে মুঠোফোন চুরির চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। তাঁর দেহ তল্লাশি করে এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁকে হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে।বিচারকের সামনে নেশায় জড়িয়ে পড়া ও নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়ার কাহিনি শোনান মেহেদী। স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে কালাই উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম হেরোইন সেবনের দায়ে মেহেদীকে দুই বছরের কারাদণ্ড দেন।একই সময় আদালতের সামনে পুলিশ আরও দুই গাঁজাসেবীকে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন। তাঁরা হলেন কালাই পৌর এলাকার মুলগ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আসলাম হোসেন (২০) ও উপজেলার কুসুমসাড়া গ্রামের নেপাল চন্দ্র (৩২)। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘কালাইকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’