'পুলিশের চাপে আবার মাদক ব্যবসা শুরু করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি থানার পুলিশকে মাসিক ২০ হাজার টাকা দিয়ে মাদক ব্যবসা করি। একপর্যায়ে মাদক ব্যবসা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পুলিশ বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি শুরু করে। একপর্যায়ে পুলিশের চাপের মুখে বাধ্য হয়ে আবার মাসিক চুক্তিতে মাদক ব্যবসা শুরু করি।’
কথাগুলো যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের মতিয়ার রহমান শিকদারের (৩০)। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামে অনুষ্ঠিত এক মাদকবিরোধী সমাবেশে তিনি কথাগুলো বলেন। সমাবেশে তিনি আর কখনো মাদক বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেন। তাঁর মা-বাবাও ছেলের মাদক বিক্রিতে সহযোগিতা করবেন না বলে অঙ্গীকার করেন।
মতিয়ারের অভিযোগ প্রসঙ্গে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দীন আহম্মেদ বলেন, ‘মতিয়ার বড় মাদক বিক্রেতা। তাঁর অভিযোগ মোটেও ঠিক নয়। এর আগে তাঁর কাছ থেকে আলম নামের এক কনস্টেবল টাকা ওঠাতেন। আমার কাছে অভিযোগ আসার পর ওই কনস্টেবলকে অন্যত্র বদলি করেছি। হয়তো ওই টাকার কথাই তিনি বলেছেন।’
এদিকে গতকাল সকালে নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে একতারপুর গ্রামে মাদকবিরোধী সমাবেশ হয়। এতে ওই গ্রামের লোকজন ছাড়াও পাশের গ্রামতলা, সিরাজকাঠি ও দুর্গাপুর গ্রামের তিন শতাধিক লোক উপস্থিত ছিল। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম ফারাজী, সার ব্যবসায়ী আতিয়ার রহমান সরদার, হায়দার আলী মোল্যা, বাচ্চু ফারাজী, মশিয়ার রহমান প্রমুখ।
সমাবেশের একপর্যায়ে উত্তেজিত লোকজন মতিয়ার, তাঁর বাবা ও মাকে ধরে সমাবেশস্থলে নিয়ে আসেন। লোকজন তাঁদের মারধর করেন। ওই সময় মতিয়ার অভিযোগ করেন, পুলিশের হয়রানির কারণে মাদক ব্যবসা ছাড়তে পারছেন না।
মতিয়ার অঙ্গীকার করে বলেন, ‘আমি আর কখনো মাদক ব্যবসা করব না। আমি স্বভাবিক জীবনে ফিরে যেতে চাই। পুলিশ যাতে আমাকে আর হয়রানি না করে, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।’
কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চার গ্রামের মানুষ মাদকবিরোধী সমাবেশ করেছে। একজন মাদক ব্যবসায়ী অঙ্গীকার করেছেন মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তাঁর মা-বাবাও মাদক বিক্রিতে সহযোগিতা করবেন না বলে অঙ্গীকার করেছেন। এলাকার মাদক নির্মূলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’