‘পুলিশের নির্যাতনেই মামুনের মৃত্যু হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন নির্যাতনেই মারা গেছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ নিতে এসে তাঁরা এ অভিযোগ করেন। তবে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের এক নারী কর্মকর্তার নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে তেজগাঁওয়ের এফডিসি এলাকা থেকে পুলিশ মামুনকে আটক করে। এ সময় তিনি পকেটে থাকা সাদা গুঁড়া পদার্থ (সম্ভবত হেরোইন) খেয়ে ফেলেন। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আটক করা গাড়িটি থেকে ৪২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আবদুল্লাহ আল মামুনের ভগ্নিপতি জহিরুল ইসলাম অভিযোগ করেন, ২০০৭ সালে সাভারে থাকার সময় মামুনের স্ত্রী মাহমুদা ইসলাম নিহত হন। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন মামুনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মামুন প্রায় দুই বছর জেল খেটে জামিনে বের হন। এর পর থেকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাঁকে হত্যার হুমকি দিতেন। জহিরুল অভিযোগ করেন, মামুনের শ্বশুরবাড়ির লোকজনের উসকানিতে পুলিশ মামুনকে নির্যাতন করে। এফডিসি এলাকার যে দোকান থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল তার কর্মচারীরা জানান, গত বৃহস্পতিবার রাতে মামুন গাড়ি মেরামতের জন্য ওই দোকানে আসেন। তিনি দোকানের ভেতর দাঁড়িয়ে ছিলেন। গোয়েন্দা পুলিশের কয়েকজন লোক দ্রুত ওই দোকানে এসে গাড়িটি ঘেরাও করেন। তাঁরা মামুনসহ চালককে আটক করেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ফেনসিডিল-ভর্তি বস্তা উদ্ধার করেন। তাঁকে পুলিশ গাড়িতে ওঠাতে গেলে তিনি পকেট থেকে এক প্যাকেট সাদা পদার্থ বের করে মুখে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে মামুনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মামুন কিছু পদার্থ মুখে পুরে দেন। ওই পদার্থ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে বমি করতে থাকেন।