'পুলিশের প্রতি মানুষের খারাপ ধারণা জন্মগত'
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন,‘পুলিশের প্রতি মানুষের খারাপ ধারণা জন্মগত। পূর্ব পুরুষ থেকে মানুষ এই ধারণা পোষণ করে আসছে।’
আজ রবিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লি কলেজের অফিস কক্ষে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এ কথা বলেন।
‘পুলিশের প্রতি মানুষের এ খারাপ ধারণা আমি নিজেও এক সময় পোষণ করতাম’— এমন মন্তব্য করে ডিআইজি বলেন, ‘যখন পুলিশে কর্মরত হলাম,তখন বুঝতে পারলাম কত বড় মহৎ পেশা এটি। এ পেশায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে সমাজের কল্যাণে দায়িত্ব পালন করা যায়।আগে মানুষ পুলিশকে দেখলে ভয় পেত, কিন্তু বর্তমানে মানুষের মানসিকতা আর আগের মতো নেই।’
‘পুলিশ দেশ ও মানুষের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে’— এমনটা উল্লেখ করে মাহফুজুল হক বলেন, দেশের মানুষকে তাই পুলিশের প্রতি খারাপ ধারণার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
ডিআইজি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা দেশ ধ্বংস করার জন্য চক্রান্ত করছেন, জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। যাঁরা বিদেশ তোষণ ও জঙ্গিবাদের মদদদাতা তাঁদেরকে কঠোর হাতে দমন করা হবে।
মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচাতে সাদা পোশাকে কাজ করছে পুলিশ। গত শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত ঘটনার কথা উল্লেখ করে ডিআইজি বলেন, ওই ঘটনার তদন্তকাজে পুলিশ যাতে প্রভাব বিস্তার করতে না পারে ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানার সাত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মোশারফ হোসেন। সালথা উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ফারুজ্জামান ফকির মিয়া, ভাঙ্গা উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন, আলফাডাঙ্গা উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মনিরুল ইসলাম সিকদার প্রমুখ।
ওই মতবিনিময় সভায় ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার সামচুল হকসহ ফরিদপুরের সালথা, নগরকান্দা, আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা এবং গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।