'পুলিশের সুবর্ণ ইতিহাস মলিন হতে দেওয়া যাবে না'
মুক্তিযুদ্ধে ঢাকার রাজারবাগের পুলিশ সদস্যদের বীরত্বের কথা স্মরণ করে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন রাজারবাগের পুলিশ সদস্যরা। বাংলাদেশে পুলিশের এটাই সুবর্ণ ইতিহাস। পুলিশের এই সুবর্ণ ইতিহাসকে কোনোভাবে মলিন হতে দেওয়া যাবে না। নতুন-পুরোনো সব পুলিশকে এ কথা মনে রেখে দেশের জন্য কাজ করে যেতে হবে।
গতকাল বুধবার সকালে সিলেটের লালাবাজার রেঞ্জ রিজার্ভ ফোর্সের ব্যারাকে সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি।
আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা।
অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি পুলিশ বাহিনীতে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে হবিগঞ্জ জেলায় ১১৬ জন, সুনামগঞ্জে ১৩৬, কিশোরগঞ্জের ১৪৬ জনসহ মোট ৩৯৮ জন কনস্টেবলকে লালাবাজার রেঞ্জ রিজার্ভ ফোর্স ব্যারাকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।