রাজধানীর শ্যামলী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ফেনসিডিলভর্তি একটি মাইক্রোবাস আটক করেছে জনতা। মাইক্রোবাসের চালককে গণপিটুনি দেওয়া হয়। মাইক্রোবাসটিতে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল।
পুলিশের কর্মকর্তারা জানান, মাইক্রোবাসটিতে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শেরেবাংলা নগর থানার পুলিশ গতকাল ফেনসিডিলভর্তি ওই মাইক্রোবাসটি চালকসহ আটক করে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে মাইক্রোবাসটিতে পুলিশের স্টিকার ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। গণধোলাইয়ের শিকার ব্যক্তি মাদক ব্যবসায়ী। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, মিরপুর থানার টহল পুলিশের ধাওয়া খেয়ে চালক ফেনসিডিলভর্তি মাইক্রোবাস নিয়ে শ্যামলীতে দুর্ঘটনা ঘটালে জনতার হাতে আটক হয়। আটক ফেনসিডিলসহ চালককে মিরপুর থানায় সোপর্দ করা হচ্ছে।