'পৃথিবীর সকল ভাষার বিকাশ চাই'

‘মাতৃভাষা দেশে দেশে যুগে যুগে সমগ্র মানবজাতির ভাষা। একের ভিতরে বহু আর বহুর ভিতরে অপরূপ একই। এটি মানব-মাতৃভাষার বৈশিষ্ট্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা পৃথিবীর সর্বগোত্রের মাতৃভাষার সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন চাই। পৃথিবীর সকল ভাষার বিকাশ চাই।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠ করা ‘একুশের ঘোষণাপত্রে’ এসব কথা বলা হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রায় ৭০ জন কবি অংশ নেন।
একুশের ঘোষণাপত্র পাঠ করেন কবিদের সংগঠন কবিতাবাংলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান।
অনুষ্ঠানে কবিদের শপথ বাক্য পাঠ করান কবিতাবাংলার কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মুহম্মদ নুরুল হুদা। ভারতের ২১ জনসহ প্রায় ৭০ জন কবি শপথবাক্য পাঠ করেন।
বেলা তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুহম্মদ নুরুল হুদা, রফিকুল ইসলাম, জয়দ্বীপ চট্টোপাধ্যায়, সমিতা চক্রবর্তী, সিরাজুল হক, মো. নাছির উদ্দিন, শামীম আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল হাসান।
সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন কবিরা। এ সময় ভাষাশহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেল চারটায় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকতপাড়ের ঝাউবাগানের ভেতরে ‘কবি হুদা কবিতা মঞ্চে’ গিয়ে শোভাযাত্রা শেষ হয়। সেখানে রাত ১০টা পর্যন্ত চলে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।