মানবতাবিরোধী অপরাধ নিয়ে পেইড লবিস্টরা আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, এই বিচারের উদ্দেশ্য রাজনৈতিকভাবে কাউকে হেনস্তা করা নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি এ বিষয়ে বিভ্রান্ত না হতে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর ‘নন রিট্রো-অ্যাকটিভিটি অব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যান্ড ডিফাইনিং দি ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি’—শীর্ষক দুই দিনব্যাপী এ বৈঠকের আয়োজন করেছে। এতে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল ক্লিনিক’ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের ‘এলার্ড কে লোয়েনস্টেইন হিউম্যান রাইটস ক্লিনিক।’ আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মান নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ, ’৭১-এর মানবতাবিরোধী অপরাধের ধরনটা আন্তর্জাতিক হলেও বিচারপ্রক্রিয়া চলছে জাতীয় আইনের আওতায় গঠিত ট্রাইব্যুনালে। এ বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। ক্ষেত্র বিশেষে এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের চেয়েও ভালো। বৈঠকের প্রথম পর্বের অধিবেশনে আইনমন্ত্রী জানান, ’৭৩-এর প্রণীত আইনে একজন সেনা কর্মকর্তাও রাখার উল্লেখ ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটি সংশোধন করে ট্রাইব্যুনালকে পুরোপুরি বেসামরিকে রূপান্তর করা হয়েছে। তিনি আন্তর্জাতিক মহলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, এ বিচারপ্রক্রিয়া শেষ হলে, তা বিশ্বের কাছে একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে। প্রথম পর্বের আলোচনায় স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। পরে জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলীর সঞ্চালনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন (৭৩) নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরেল ফ্লেচার, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।বক্তারা বলেন, বাংলাদেশে ’৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইনটি তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসিসহ যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত নুরেমবার্গ ট্রায়ালের অনুসরণে। কারণ, ’৯৮ সালে প্রণীত রোম সংবিধি অনুসারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ’৯৮-এর আগের কোনো আন্তর্জাতিক অপরাধের বিচার করা যাবে না। কিন্তু বাংলাদেশে সংগঠিত যুদ্ধাপরাধের বিষয়টি ১৯৭১ সালের। তাই ’৭৩ সালে তৈরি আইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন যুদ্ধাপরাধের জন্য উপযুক্ত বলে মতামত দেন বাংলাদেশের তরুণ আইনজীবীরা। বৈঠকের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সঞ্চালনায় মূল বক্তব্য দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করা শুধু বাংলাদেশের দায়িত্ব নয়। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। তিনি এ বিচারব্যবস্থায় উপযুক্ত সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করেন।বৈঠকের তৃতীয় অধিবেশনে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, যুদ্ধাপরাধ বিচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় পদক্ষেপের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আন্তর্জাতিক ইতিহাস থেকে আন্তর্জাতিক অপরাধকে কখনো পৃথক করা যাবে না। ১৯৭৩ সালে বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচারের জন্য প্রণীত আইনটি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অপরাধের ধরন অনুযায়ী করা হয়েছে বলে জানান তিনি। এ অধিবেশনে আরও বক্তব্য দেন আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা। বৈঠকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরেল ফ্লেচারের নেতৃত্বে ইয়েল ল স্কুলের পাঁচ শিক্ষার্থী ও বাংলাদেশি তরুণ আইনজীবীরা কয়েকটি তথ্যচিত্র উপস্থাপন করেন।