'পেটের যন্ত্রণার কাছে ডরভয় হার মানছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি রাজনীতি বুঝি না। হাসিনা, খালেদা কে গদি ছাড়ল আর কে গদি পাইল, তা দেখলে চলে না। কর্ম কইরা খাইতে হয়। তয় এখন তো কর্মও করন যাইতেছে না। কখন ককটেল বা বোমা মারে কে জানে। তার পরও পেটের যন্ত্রণার কাছে ডরভয় হার মানছে। তাই কাজ করতাছি।’
গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে রাস্তার পাশে বসে আপনমনে পিঠা বানাচ্ছিলেন আর বিরক্তির সঙ্গে কথাগুলো বলছিলেন সাজেদা। তিনি টঙ্গী থেকে এখানে এসে ব্যবসা করছেন। সাজেদার আশপাশে ফলের পসরা সাজানো। সেখানেই সাজেদার তিন বছর বয়সী ছেলেকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মাছি ভনভন করছে সারা শরীরে। আরেক ছেলে সারা দিন বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এক মেয়েকে মাদ্রাসায় রেখে পড়াচ্ছেন। স্বামীর কথা কিছু বলতে চাইলেন না সাজেদা।
অবরোধ না থাকলে সাজেদা রাতে ব্যবসা গুটিয়ে মালপত্র কারওয়ান বাজারে নির্দিষ্ট একটি জায়গায় রেখে টঙ্গী চলে যান। তবে টানা অবরোধের কারণে টঙ্গী যেতে পারেননি। এক কাপড়েই কাটিয়ে দিতে হয়েছে এক সপ্তাহ।
সাজেদা বলেন, ‘মানুষই নাই, পিঠা খাইবো কেডা। তার পরও আশায় থাহি। রাস্তায় পুলাপাইন লইয়া ঘুমাইতেও ডর লাগে। কিন্তু পেটের যন্ত্রণা বড় যন্ত্রণা।’
২৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকেই এ ঘোষণার প্রতিবাদ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলছে।
গতকাল ছিল দ্বিতীয় দফায় ডাকা অবরোধের শেষ দিন। মাঝে আজ শুক্রবার বাদে আবার আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ শুরু হতে যাচ্ছে। দেশের এ পরিস্থিতিতে শুধু সাজেদা নন, বিভিন্ন পেশা-শ্রেণীর নারীদেরই সমস্যা ও আতঙ্কের মধ্যে দিন পার করতে হচ্ছে। বিশেষ করে কর্মজীবী নারীদের।
গতকাল নগরের বিভিন্ন এলাকার কর্মজীবী নারীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের মধ্যে উদ্বেগ বা আতঙ্ক লক্ষ করা যায়। হাতিল লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক নিপা আতিফ বলেন, খুব কম বেচাকেনা হলেও মাসে পাওয়া যেত পাঁচ লাখ টাকার মতো। তবে বর্তমানে তা মাসে ৮০ হাজারে নেমে এসেছে। আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। সামনে বাণিজ্য মেলা যদি হয় এবং সে মেলাই এখন একমাত্র ভরসা।
মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক স্ত্রীরোগ বিশেষজ্ঞ সারিয়া তাসনিম বলেন, হরতাল অবরোধ যা-ই হোক, হাসপাতাল বন্ধ রাখার কোনো উপায় নেই। অন্য সময়ের তুলনায় হয়তো রোগী কম আসছেন, কিন্তু যে নারীর সন্তান হবে তাঁর তো না এসে উপায় নেই। একইভাবে চিকিৎসক ও নার্সদেরও হাসপাতালে না গিয়ে উপায় নেই।
সারিয়া তাসনিমের বাসা গুলশান। প্রতিদিন তিনি অ্যাম্বুলেন্স বা বিভিন্নভাবে হাসপাতালে যাতায়াত করছেন।
সারিয়া বলেন, হাসপাতালের পক্ষে নারী কর্মীসহ সবার যাতায়াতের ব্যবস্থা করা সম্ভব নয়। যাত্রাবাড়ীতে প্রতিদিনই বাসে আগুন, না হয় কিছু না কিছু ঘটছে। যত বিপদই হোক, হাসপাতালের কোনো কর্মীকে অফিশিয়ালি ‘না আসলেও চলবে’ তা-ও বলার উপায় নেই।
সারিয়া, নিপা, সাজেদাসহ কর্মজীবী-খেটে খাওয়া নারীদের জিজ্ঞাসা, এ অবরুদ্ধ অবস্থার শেষ হবে কবে? কবে মিলবে স্বাভাবিক পরিবেশ?