পিলখানা হত্যা মামলায় ফাঁসির আসামির মৃত্যু নিশ্চিতকরণ শুনানির প্রক্রিয়া শুরু হয়নি
'পেপার বুক' কবে হবে কেউ জানে না
পিলখানা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেক আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যু নিশ্চিতকরণ) সংক্রান্ত শুনানির জন্য প্রয়োজন ১০ হাজার পৃষ্ঠার ১০টি বই। আইনের পরিভাষায় এর নাম ‘পেপার বুক’। মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ তালিকা, ময়নাতদন্ত
প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, জেরা এবং নিম্ন আদালতের রায় পর্যায়ক্রমে সাজানো থাকে এই পেপার বুকে।
আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বললেন, এই মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ১৫২ জন আসামির ক্ষেত্রে পেপার বুক লাগবে এক হাজার ৫২০টি। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪২৩ জন আসামি রয়েছেন। তাঁদের জন্য আরও চার হাজার ২৩০টি পেপার বুক তৈরি করতে হবে। এই বিপুল পরিমাণ বই ছাপানোর কোনো প্রক্রিয়াই এখন পর্যন্ত শুরু হয়নি। পেপার বুক প্রস্তুত করার পরই বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। তবে এসব কবে হবে, তা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, আপিল মামলার ক্ষেত্রে সরকারই পেপার বুক তৈরি করে। সরকারি ব্যবস্থাপনায় এসব ছাপা হয় বিজি প্রেসে। কিন্তু যে ব্যবস্থায় এটা ছাপা হয়, তা স্বাভাবিক গতিতে এগোলে বই ছাপা শেষ হতে দুই বছর লাগবে। এ কারণে নিজস্ব উদ্যোগে বই তৈরির জন্য ফটোকপি মেশিন কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মেশিন কেনা হবে, তারপর শুরু হবে ছাপার কাজ।
আইনজীবীরা বলছেন, ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে আসামি ও ঘটনার শিকার পরিবারগুলো হতাশ হচ্ছে। গতকাল মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে নিহত এক সেনা কর্মকর্তার বাবা হাবিবুর রহমান আক্ষেপ করে বলেন, ‘মামলা যে অবস্থায় আছে, তাতে আমাদের নাতিরাও রায় কার্যকর করা দেখে যেতে পারবে বলে মনে হয় না।’ একই মন্তব্য করেছেন আরও অনেকের স্বজন।
পিলখানা হত্যা মামলার রায় গত ৫ নভেম্বর ঘোষণা করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড ও ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে ৪৪ বছরের (যাবজ্জীবন ও ১৪ বছর) কারাদণ্ড, ১৫৭ জনকে ৪০ বছরের (যাবজ্জীবন ও ১০ বছর) কারাদণ্ডসহ জরিমানা করা হয়। এ ছাড়া ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
গত বছরের ১ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে কারাগারে আটক ১৩৮ আসামির রায়ের অনুলিপি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আটক ১৩৮ আসামির কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করার বিধান আছে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৪ জন আসামি এখনো পলাতক আছেন।
একাধিক আসামির আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের পক্ষে আপিল করা হয়েছে। এখন সরকার নিজ খরচে পেপার বুক প্রস্তুত করবে। তা প্রস্তুত হওয়ার পর আদালত শুনানির দিন ধার্য করবেন। তিনি আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এত আসামিকে কোনো মামলায় সাজা দেওয়া হয়নি। আসামি সংখ্যার দিক থেকে অনেক। এখন কবে এসব হবে, তাও জানি না।’
সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, কারাগারে আটক ১৩৮ জন বিডিআর জওয়ান জেল আপিল করেছেন। যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ৯২ জনের পক্ষে নিয়মিত আপিল করা হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডেথ রেফারেন্স শুনানির আগে পেপার বুক প্রস্তুত করতে হবে। মামলাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় বিশেষ বেঞ্চ গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হবে। পেপার বুক তৈরি নিয়েও বিভিন্ন জটিলতা রয়েছে। তাই সুপ্রিম কোর্টের উদ্যোগে বিডিআর মামলার পেপার বুক প্রস্তুত করা হবে।
রেজিস্ট্রার আরও জানান, এ জন্য অর্থ মন্ত্রণালয় তিনটি ডিজিটাল ডুপ্লিকেটিং মেশিন কিনতে ২৪ লাখ টাকা সুপ্রিম কোর্টকে বরাদ্দ দিয়েছে। ফটোকপি মেশিন আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে। কত দিনের মধ্যে পেপার বুক প্রস্তুত করা সম্ভব, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার বিচারকাজ থেমে আছে। আগামী ৩ মার্চ ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। ইতিমধ্যে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বদলি করা হয়েছে। ওই মামলায় আসামির সংখ্যা ৮৩৪ জন। একজন বাদে সবাই বিডিআরের জওয়ান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ বাহারুল ইসলাম বলেন, হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি সালের ক্রমানুসারে হয়ে থাকে। বর্তমানে হাইকোর্টে ২০০৯ সালের ডেথ রেফারেন্সের শুনানি চলছে।
গত এক বছরে ১১১টি ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি করেছেন হাইকোর্টের চারটি ডিভিশন বেঞ্চ। বর্তমানে ৩৯৮টি মামলায় এক হাজারের অধিক ফাঁসির আসামি মৃত্যুর পরোয়ানা নিয়ে কারাগারের কনডেম সেলে আছেন।
সূত্র জানায়, হাইকোর্টে বছরে ৬০টির মতো মৃত্যু নিশ্চিতকরণবিষয়ক আবেদনের শুনানি হয়ে থাকে। এ কারণে স্বাভাবিক নিয়মেই বিডিআরের ঘটনায় এর শুনানি করতে কয়েক বছর লেগে যেতে পারে।