রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফিরোজ হোসেন ওরফে ‘পেরেক ফিরোজ’কে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে রাজশাহী নগরের অক্ট্রয় মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কাছে ফিরোজের নেতৃত্বে দর্শন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পেটানোর পর মশিউরের হাত ও পায়ের বিভিন্ন জায়গায় পেরেক ঢুকিয়ে দিয়ে গুরুতর আহত করে। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, মশিউরের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাত ১১টার দিকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মশিউরের শরীরে পেরেক ঢোকানোর ঘটনায় কোনো মামলা হয়নি। তাই স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গত ৭ আগস্টের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফিরোজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে মশিউর রহমান জানান, আগামী রোববার ফিরোজ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি।