প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের অবৈধ যন্ত্র (পেলোডার) চালাতে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩৫)। তিনি পাথর কোয়ারির পাশের কলোনির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল আটটার দিকে জালাল মিয়া পেলোডার চালিয়ে পাথর কোয়ারিতে ঢোকার সময় নিয়ন্ত্রণহীন হয়ে যন্ত্রের নিচে চাপা পড়েন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সিলেটের পাথর কোয়ারিতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ‘বোমা মেশিন’সহ নানা খননযন্ত্রের ব্যবহার চলে। বিছনাকান্দিতে সম্প্রতি পেলোডার যন্ত্রের ব্যবহার বেড়ে গেছে বলে পাথর কোয়ারি সূত্রে জানা গেছে।