‘পেশায়’ ঢুকেই ছয় মাসে ৩৫ অটোরিকশা চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন মোহাম্মদ সোহাগ সিকদার। প্রায় ছয় মাস আগে মূল পেশা ছেড়ে সিএনজিচালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ‘পেশা’ বদলের সঙ্গে সঙ্গে স্থানও বদল করেন সোহাগ। ঢাকা ছেড়ে চলে আসেন বন্দরনগর চট্টগ্রামে। ছয় মাসে চুরি করেন প্রায় ৩৫টি অটোরিকশা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহাগ এসব তথ্য জানান।পুলিশ সূত্র জানায়, সোহাগের বাড়ি পটুয়াখালীর শৌলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হক সিকদার। চট্টগ্রামের বায়েজিদ থানার বার্মা কলোনিতে ভাড়া বাসায় থাকেন তিনি। সিএনজিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে গত ১২ ফেব্রুয়ারি হালিশহর থানা পুলিশের হাতে ধরা পড়েছিলেন। প্রায় এক মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে আবার অটোরিকশা চুরি শুরু করেন সোহাগ। ৭ আগস্ট হাটহাজারী উপজেলার ওয়াজেদিয়া এলাকা থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র জানায়, সোহাগ জবানবন্দিতে অটোরিকশা চোরচক্রের প্রধানসহ ছয়জনের নাম বলেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার হারুন মল্লিক এ দলের মূল হোতা। তিনি আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন। এ দলের অন্য পাঁচজন হলেন, সোহাগের ভগ্নিপতি আনিস ওরফে আইনুল, হারুনের ভাতিজা জামাল ও বাবুল এবং ফরিদপুরের দেলোয়ার ও কুদ্দুস। সোহাগ অটোরিকশা চুরির কৌশল বর্ণনা করতে গিয়ে বলেন, ‘চট্টগ্রামে দেলোয়ার ও বাবুল প্রথমে সিএনজি অটোরিকশা ভাড়া করে। কিছু দূর যাওয়ার পর তারা অটোরিকশার চালককে বলে, “আমাদের স্যার গাড়িতে উঠবে।” মাঝপথেই স্যারকে (হারুন মল্লিক) গাড়িতে ওঠানো হয়। এরপর হারুন ৫০০ টাকার নোট ভাঙানোর জন্য চালককে দোকানে পাঠিয়ে দেয়। এ সুযোগে তিনজন মিলে গাড়ি নিয়ে আমাদের কাছে চলে আসে। জামাল ও আমি গাড়ি গ্যারেজে লুকিয়ে রাখি। এর মধ্যে হারুন গাড়ির আসল মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে ৫০-৬০ হাজার টাকা আদায় করে নেয়।’সোহাগ আরও বলেন, ‘সিএনজি অটোরিকশার মালিকেরা গাড়ি ফিরে পেতে দাবির ৫০-৬০ হাজার টাকা ঢাকার একটি ঠিকানায় কুরিয়ার করে পাঠাত। হারুনের স্ত্রী টাকা তুলে আনত। পরে আমাকে প্রতি গাড়ি চুরি বাবদ আড়াই হাজার টাকা দেওয়া হতো।’হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘সোহাগ গত ফেব্রুয়ারিতে একবার গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস কারাভোগ করে। ওই দলের একজন সদস্যকে গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করে হাটহাজারীর ইসলামিয়ার হাটের একটি গ্যারেজ থেকে আমরা ১১টি অটোরিকশা উদ্ধার করেছিলাম। এর পরও এ চক্রের সদস্যরা গাড়ি চুরি বন্ধ করেনি।’ বাবুল আকতার আরও বলেন, ‘চট্টগ্রামের বেশির ভাগ অটোরিকশা চুরি করছে হারুন ও তার দলের সদস্যরা। তারা চোরাই অটোরিকশা লুকিয়ে রাখতে হাটহাজারীর ওয়াজেদিয়া এলাকার একটি গ্যারেজও ভাড়া নেয়। এ জন্য তারা গ্যারেজের মালিককে অগ্রিম আট হাজার টাকা এবং মাসিক ভাড়া এক হাজার ৪০০ টাকা করে দিচ্ছিল। আমরা গ্যারেজ ভাড়ার চুক্তিপত্র উদ্ধার করেছি।’ সহকারী পুলিশ সুপার বলেন, ‘এ অটোরিকশা চোরচক্রের প্রধান হারুন পটুয়াখালীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’