'পোকা খাওয়া' নির্বাচন সংকট বাড়াবে: সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনে করে, সাংবিধানিক বাধ্যবাধকতার যুক্তি দেখিয়ে ‘একতরফা’, ‘পোকা খাওয়া’ ও ‘তামাশার’ নির্বাচনের ফলে দেশের রাজনৈতিক সংকট দূর হওয়ার বদলে আরও ঘনীভূত হওয়ার বিপদ সৃষ্টি হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর গতকাল সোমবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এসব কথা বলেন। তাঁরা অবিলম্বে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান। বিবৃতিতে অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ, নির্বাচনকালীন সরকার সম্পর্কে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সব দলের মধ্যে সংলাপ, বর্তমান নির্বাচনব্যবস্থা পরিবর্তন করে ‘প্রাপ্ত ভোটের অনুপাতে আসনসংখ্যা’ ব্যবস্থা (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা) প্রবর্তন করার জন্য দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নানা কারচুপি, ভোট চুরি, হামলা, সন্ত্রাস, আতঙ্কের মধ্যে নগণ্যসংখ্যক ভোটারের অংশগ্রহণে ৫ জানুয়ারি ১৪৭টি আসনের ‘নির্বাচন’ সম্পন্ন হয়েছে।