ময়মনসিংহের নান্দাইলে ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা গম উত্তোলন করতে অনীহা প্রকাশ করছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। কয়েকজন চেয়ারম্যানের অভিযোগ, খাদ্যগুদাম কর্তৃপক্ষ তাঁদের পোকায় খাওয়া গম দিতে চাইছে।
বৃহস্পতিবার খারুয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের গম উত্তোলন না করেই ফিরে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘গমের যে মান দেখলাম, তা মানুষের খাওয়ার উপযোগী হতে পারে না।’
নান্দাইল সদর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘ওই গম উত্তোলন করলে দরিদ্র মানুষের তোপের মুখে পড়তে হতে পারে।’ রাজগাতী ইউপি চেয়ারম্যান আশরাফুল ও বেতাগৈর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনও একই ধরনের মন্তব্য করেন। ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, গুদামে সারিবদ্ধ করে রাখা বস্তার ওপরের দিকে কিছুটা পোকায় ধরেছে। ভেতরে থাকা বস্তার গমের মান ভালো।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জয়নূল আবেদীন বলেন, দেড় বছর ধরে সংরক্ষিত এই গমের মান ভালো রয়েছে। একটি মহল গুজব ছড়িয়ে ইউপি চেয়ারম্যানদের বিভ্রান্তিতে ফেলেছেন।