‘পোলাডা থাকলে একটা নতুন কাপুড় ঠিকই দেত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোলাডা কয় দিন ধইর‌্যা একটা নতুন জামা চায়। আইজগো সকালেও ঘুমে গোনে উইড্যা কয়, মা ঈদের জামা কিন্যা দেবা না। মুই এডা ওডা কইয়া ভুলাইয়া রাখছি। আসলে টাহার লাইগ্যাই পোলারে জামা কিন্যা দেতে পারি নাই।’ রোববার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নম্বর হাওলা গ্রামে গেলে সিডরে নিখোঁজ ফরিদ উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম কথাগুলো বললেন। এমন হতাশা শুধু রেহেনারই নয়। ওই ইউনিয়নের ১১ নম্বর হাওলা, কলাউপাড়া ও ধনজুপাড়া গ্রামের সিডরে নিখোঁজ আরও ছয়জন জেলের পরিবারগুলোর। কলাউপাড়া গ্রামের জসিম হাওলাদার মাছ ধরতে গিয়ে সিডরের রাতে নিখোঁজ হয়েছেন। জসিমের মা সত্তরোর্ধ্ব বিবিসন বেগম বলেন, ‘দুঃখের কতা কী কমু? দ্যাহেন না পড়নের কাপুড়ডা চির‌্যা গেছে। জোড়াতালি দিয়া হেই কাপুড় পড়ছি। আইজগো পোলাডা থাকলে কামাই-রুজি করুক আর না করুক ঈদের আগে মোরে একটা নতুন কাপুড় ঠিকই দেত।’ একইভাবে নিখোঁজ পাশের বাড়ির ইউনুস হাওলাদারের স্ত্রী সূর্যভানু বেগম বলেন, ‘মোর যেরহম ভাতের কষ্ট, হেইরহম কাপুড়েরও কষ্ট। কয় দিন পর ঈদ। একটা নতুন কাপুড়ের লাইগ্যা এই দুয়ার ওই দুয়ারে ধরনা দিছি। একটা কাপড় পাই নাই।’ একই অবস্থা হাওলা গ্রামের নিখোঁজ জেলে আক্কাস মীরা, নুর ইসলাম আর ধনজুপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের পরিবারেও।লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস বলেন, ‘এসব পরিবারের জন্য এ মুহূর্তে যে ধরনের সহায়তা করা দরকার আসলে ইউনিয়ন পরিষদের সে ধরনের অবস্থা নেই। তবে বরাদ্দ পাওয়া ভিজিএফ থেকে তাঁদের কিছুটা সাহায্য করতে পারব।’