‘পোলার লাশ পাইয়া কিছুডা কষ্ট দূর অইল’
বরিশালের গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের শাহ আলম আকনের (৩১) লাশ গত বুধবার রাতে গ্রামের বাড়িতে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মসংস্থানের উদ্দেশ্যে চার বছর আগে শাহ আলম দুবাইয়ে পাড়ি জমান। ২৯ মার্চ রাতে শারজা ন্যাশনাল পেন্ট এলাকার বাসায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।মুঠোফোনে শাহ আলমের মৃত্যুর খবর শুনে তাঁর বাবা ওয়াজেদ আলী আকন (৭০) ও মা দুলুফা বেগম (৬০) শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। টাকার অভাবে ছেলের লাশ দেশে আনতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কায় ছিলেন তাঁরা। লাশ ফিরে পেতে বাবা-মায়ের আকুতি নিয়ে ৩ এপ্রিল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অসহায় বাবা-মায়ের ইচ্ছা পূরণে উদ্যোগ নেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বরিশাল ও ব্র্যাক নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প। তাদের প্রচেষ্টায় বুধবার শাহ আলমের লাশ দেশে আনা হয়। ছেলের লাশ পেয়ে দিনমজুর ওয়াজেদ আলী কাঁদতে কাঁদতে বলেন, ‘সব খুইয়ে পোলারে বিদেশে পাঠাইয়া সুখ পাইলাম না। মোর পোলার লাশ পাইয়া শোকের মধ্যেও মোর কিছুডা কষ্ট দূর অইল।’