'পৌর নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা প্রমাণ করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, নির্বাচন ছাড়া তেমনি রাজনৈতিক দল বাঁচতে পারে না। খালেদা জিয়া জিদের বসে সংসদ নির্বাচন বর্জন করে দলকে দুর্বল করে দিয়েছেন। তিনি বলেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করেন।
মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে মার্শাল ল (সামরিক শাসন) থাকত। গণতন্ত্র থাকত না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও অন্য দলগুলো নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সব উন্নয়নকাজে অংশগ্রহণ করছে, স্বীকৃতি ও সম্মান দিচ্ছে। বিএনপির নেত্রী খালেদা জিয়া বর্তমান সরকারের এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছেন। আন্দোলনে ব্যর্থ হয়ে তাঁরা এখন বিদেশের মাটিতে বসে সরকার ও দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছেন। তবে এ ষড়যন্ত্রও ব্যর্থ হবে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি খালেদা জিয়া আর তার ছেলে চাইলেই শেখ হাসিনা বা আওয়ামী লীগ তথা দেশের কোনো ক্ষতি হতে পারে না। কারণ, দেশের মানুষ এখন শেখ হাসিনা আর আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতির ধারায় মিলেমিশে এক হয়ে গেছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ শাহ আলম। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, মোতাহার হোসেন, আবু সালেহ মো. সাঈদ, সফুরা বেগম এবং জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। সভাপতি করা হয় মো. সাইফুল ইসলামকে। সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন এবং শরিফুল ইসলামের নাম প্রস্তাব করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে সম্মেলন মুলতবি ঘোষণা করা হয়।