'প্যারা' শিক্ষক দিয়ে চলে বিদ্যালয়!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৩৩ নম্বর রৌহা রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরেই শূন্য। চারজন শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন। এ অবস্থায় দুজন ‘প্যারা’ শিক্ষক দিয়ে কোনোমতে চলছে বিদ্যালয়টি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে জানা যায়, ১৯৭২ সালে গ্রামের মোস্তাফিজুর রহমানের দেওয়া জমিতে স্থানীয় শিক্ষানুরাগীরা বিদ্যালয়টি গড়ে তোলেন। বেশ ভালোভাবেই চলছিল শিক্ষা কার্যক্রম। কিন্তু প্রায় পাঁচ মাস ধরে শিক্ষক স্বল্পতায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক শরিফুন নেছা বলেন, চারজন শিক্ষকের মধ্যে দীপিকা মোদক গত বছরের ১৮ অক্টোবর ও ফারজানা সুলতানা ১৫ নভেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। সহকারী শিক্ষক ইয়ামিন সরকার গত জানুয়ারিতে শিক্ষক প্রশিক্ষণে গেছেন। ফলে একমাত্র শিক্ষক হিসেবে তাঁকেই সব কাজ করতে হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গত নভেম্বর মাসে একজন এবং চলতি মাসে আরেকজন ‘প্যারা’ শিক্ষক নিয়োগ দিয়েছেন। স্থানীয় এ দুজন শিক্ষকের কারণে কোনোমতে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা চালানো যাচ্ছে বলে তিনি জানান। পাঠদান ছাড়াও তাঁকে দাপ্তরিক কাজে যেদিন বাইরে যেতে হয়, সেদিন প্যারা শিক্ষকই ভরসা। বিদ্যালয়টিতে ১৫৬ জন শিক্ষার্থী রয়েছে।
চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছয়জন শিক্ষার্থী জানায়, ওদের স্যার-আপারা বিদ্যালয়ে আসেন না। তবে গ্রামের দুজন নতুন আপা ওদের পড়ায় বলে জানায় এসব শিশু।
রৌহা গ্রামের দুজন অভিভাবক বলেন, দুজন শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় অারেকজন শিক্ষক কীভাবে পিটিআই প্রশিক্ষণে যেতে পারেন, তা তাঁদের বোধগম্য হচ্ছে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরুল ইসলাম বলেন, আপাতত প্যারা শিক্ষক দিয়ে পাঠদান করা হচ্ছে। শিক্ষক নিয়োগের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, একজন শিক্ষককে সেখানে প্রেশনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।