‘প্রকৃত মানুষ হতে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী বলেছেন, প্রকৃত মানুষ হতে হলে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা প্রয়োজন। সমাজ ও নিজের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার ক্ষেত্রে নিজের সঙ্গে সংলাপ করতে হবে। এ সংলাপের ফলে যা ভালো, তা গ্রহণের মধ্য দিয়েই নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা লাভ করা সম্ভব।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী এ কথা বলেন। ‘বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা মেনে চলব ও মানবিক মানুষ হব’ শীর্ষক শপথ, কর্মশালা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে এথিকস ক্লাব বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বেলা তিনটার দিকে শহীদ মিনারের পাদদেশে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, ‘এথিকস ও মোরালিটি এ দুটি শব্দ শিক্ষকদেরও জানতে হবে। শিক্ষাঙ্গনে অস্থিরতা রোধে আমাদের সবার এ দুটি বিষয়ে শিক্ষা প্রয়োজন।’ অনুষ্ঠান পরিচালনা করেন স্কলারস বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীম। পরে বিকেল সাড়ে চারটার দিকে নৈতিকতা, দ্বন্দ্ব, তারুণ্যের নেতৃত্বের উন্নয়ন ও পেশা পরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কর্মশালা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা।সেখানে বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ‘আমাদের সৎভাবে চিন্তা করতে হবে এবং তা বাস্তবায়নে কাজ করতে হবে।’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন আবদুল হান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাইরের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেকে একজন দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে।’এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা আফরোজ বলেন, ‘শ্রেণীকক্ষের বাইরেও আমাদের আচার-আচরণ ও নৈতিকতা শিখতে হবে। জ্ঞানের পরিধিকে প্রসারিত করতে হবে।’কর্মশালা শেষে মিলনায়তনে ‘মানবতা ও দেশপ্রেম’ শীর্ষক সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।