বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার প্রতি ‘প্রকৃত যুদ্ধাপরাধী’ ও ‘নাস্তিকদের’ তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু এই আহ্বান জানান।তথ্যমন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত জোট প্রতিনিয়ত মিথ্যাচার, গুজব ও তথ্যসন্ত্রাস করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তারা মিথ্যাচারকে একটি স্বতন্ত্র শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে তাঁরা প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করবেন। তাহলে আমরা প্রশ্ন রাখি, যাদের বর্তমানে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে, তারা কি যুদ্ধাপরাধী নন? তাহলে আপনার কাছে কি প্রকৃত যুদ্ধাপরাধীদের তালিকা রয়েছে? থাকলে প্রকাশ করুন। নয়তো এ ধরনের প্রহসনমূলক বক্তব্য বন্ধ করুন।’শাহবাগের আন্দোলন সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, শাহবাগের আন্দোলন একটি স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন। এখানে ধর্মবিরোধী কোনো কর্মকাণ্ড চালানো হচ্ছে না; বরং বিভিন্ন শ্রেণী, বর্ণ, ধর্ম ও পেশার মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘টুইটার, ব্লগ ও ফেসবুক যাঁরা ব্যবহার করেন, তারা কি নাস্তিক, তারা কি নষ্ট? আমরা খালেদা জিয়ার কাছে এ বিষয়ে সত্য ভাষণ চাই। আপনি নাস্তিকদের তালিকা প্রকাশ করুন।’তথ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বিএনপি-জামায়াত একাত্তরের মানবতাবিরোধীদের বিচার, ধর্ম, নাস্তিকতা, শাহবাগের গণজাগরণ ও সাম্প্রতিক সহিংসতার ঘটনা নিয়ে একের পর এক মিথ্যাচার চালাচ্ছে। এমনকি ভিটামিন-এ ক্যাপসুল নিয়েও তারা গুজব সৃষ্টি করেছে। এ ধরনের অপপ্রচার, গুজব ও তথ্যসন্ত্রাস বন্ধ করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।