'প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না'
প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা বলেছেন, প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না। মানুষের নিজের স্বার্থেই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে।
বরিশালে অনুষ্ঠিত ‘এসো প্রাণবৈচিত্র্যের অঙ্গনে, প্রকৃতি দেখো ছবি আঁকো’ শীর্ষক এক ছবি আঁকা কর্মসূচির উদ্বোধন করতে এসে দ্বিজেন শর্মা এসব কথা বলেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের রাজা বাহাদুর সড়কে বিআইডব্লিউটিএর পদ্মপুকুর পাড়ে এই কর্মসূচির আয়োজন করে চারুকলা, বরিশাল।
উদ্বোধনী অনুষ্ঠানে দ্বিজেন শর্মা আরও বলেন, পরিবেশ ধ্বংস হয়, এমন কাজ করা ঠিক নয়। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, এমন ধরনের উন্নয়নকাজ বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের হতে হবে পরিবেশমনস্ক।
উদ্বোধনের পর দ্বিজেন শর্মা পদ্মপুকুরে রোপণ করা পদ্ম, পুকুরের চারপাশে রোপণ করা অর্জুন, গোলাপজাম, কাঠগোলাপ, মেঘশিরীষ, পাম, আমলকী, বাতাবিলেবু, নিমসহ বিভিন্ন গাছের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। এসব বৃক্ষের জন্ম, ইতিহাস ও বৈজ্ঞানিক নাম জানান তিনি।
ছবি আঁকা কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক আঁকিয়ে অংশ নেয়। দুই বিভাগে ছবি আঁকা ছাড়াও কুইজ বিজয়ী ১১ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান, চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেন, সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।