'প্রকৃতিতে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো'

‘কৌতূহলী মনের সব প্রশ্নের উত্তর খুঁজতে পারলেই জানা যাবে মৌলিক বিজ্ঞান। তাই প্রকৃতিতে যা কিছু দেখবে, তার মধ্যে কৌতূহলী মনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো। বিজ্ঞানটা সেখানেই লুকিয়ে আছে।’
এভাবেই প্রকৃতির রহস্যে বিজ্ঞানের পিপাসা মেটানোর মন্ত্রণা দিচ্ছিলেন স্বনামধন্য জ্যোতিঃপদার্থবিদ দীপেন ভট্টাচার্য। প্রথম আলো পরিবারের মাসিক বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার প্রতি মাসের আয়োজন বিজ্ঞান আড্ডায় হাজির হয়েছিলেন তিনি। গতকাল রোববার প্রথম আলোর সেমিনার হলে এই আড্ডা অনুষ্ঠিত হয়।ঢাকার সেন্ট গ্রেগরীজ স্কুলে শিক্ষাজীবনের শুরু হয় দীপেন ভট্টাচার্যের। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজের পাশাপাশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসাতেও কাজ করেছেন তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কলেজে অধ্যাপনা করছেন। মহাকাশে গামারশ্মি বিকিরণ সম্পর্কিত নানাবিধ গবেষণায়ও অগ্রণী ভূমিকা আছে তাঁর। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের সঙ্গে তিনি প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত।
বিজ্ঞান আড্ডায় একঝাঁক প্রাণবন্ত তরুণের সামনে দীপেন ভট্টাচার্য তুলে ধরেন গামারশ্মি নিয়ে তাঁর গবেষণার কথা। ১০ মিলিয়ন ডলারের বেলুন অভিযানের পাশাপাশি ২০০ টাকায় জ্যোতির্বিজ্ঞান গবেষণাকেও তিনি সমান গুরুত্ব দেন। বিজ্ঞান আড্ডায় তিনি বর্তমান সময়ের তরুণদের এক হয়ে জ্যোতির্বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ হতে বলেন। কেননা, মহাকাশ জানার এক অপরিসীম অংশ। তাই এ দেশের তরুণদের জন্য এটি একটি নতুন সম্ভাবনা। সব শেষে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিজ্ঞানচিন্তা ভবিষ্যতে আরও এমন গুণী বিজ্ঞানীদের সঙ্গে বিজ্ঞান আড্ডার আয়োজন করবে বলে জানান বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।