'প্রকৃতির পাঠশালায়' এখন পাকা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ‘প্রকৃতির পাঠশালা’য় শিক্ষার্থীদের আর বৃষ্টিতে ভিজতে হবে না। রোদে কষ্ট পেতে হবে না। তারা একটি পাকা ভবন পেয়েছে। একজন দানশীল ব্যক্তি প্রথম আলোর প্রতিবেদন পড়ে তাদের এই ভবন তৈরি করে দিলেন। গত বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক সেই ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয়টির নাম এস আর বালিকা উচ্চবিদ্যালয়। রাজশাহীর পুঠিয়া উপজেলার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আট বছর ধরে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে। অথচ বিদ্যালয়টির পাঠদানের ঘর ছিল না। শিক্ষকদের সবার বেতনও নেই। তাই বলে বন্ধ ছিল না কিছুই। পাঠদান চলত গাছতলায়।
গত বছর ১০ মে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য এবং শ্রেণিকক্ষ না থাকার কারণে গাছের নিচে পাঠদানের বিষয়ে ‘সাফল্যে ভাস্বর প্রকৃতির পাঠশালা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ওই শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দানশীল ব্যক্তি। তিনি শিক্ষার্থীদের জন্য পাঁচ কক্ষবিশিষ্ট একটি পাকা ঘর নির্মাণ করে দেন। সেই সঙ্গে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর স্কুলের পোশাকসহ শিক্ষা-উপকরণ সরবরাহ করেন।