'প্রকৃতির পাঠশালা' এখন তাঁবুর নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ার সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে। ইতিমধ্যে বর্ষা শুরু হয়েছে। তাদের এখনো ঘর জোটেনি। তবে বুয়েটের একজন শিক্ষকের উদ্যোগে এসআর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাঁবুর ব্যবস্থা হয়েছে৷
গত ১০ মে প্রথম আলোয় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য এবং শ্রেণিকক্ষ না থাকার কারণে গাছের নিচে পাঠদানের বিষয়ে ‘সাফল্যে ভাস্বর প্রকৃতির পাঠশালা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিভিন্ন এলাকা থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। অনেকেই বিদ্যালয়টির ভবন তৈরির ব্যাপারে প্রতিশ্রুতি দেন। অনেকে মুঠোফোনে বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন।
এদিকে প্রথম আলোর প্রতিবেদন পড়ে বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষক আহাম্মদ আল মোহাইমিন ৩০ মে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। তিনি জানান, অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের আদলে চালা তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মালিকানাধীন ঘরামি ডট জন, বুয়েটের ফোরাম-৮৬ নামের একটি সংগঠন এবং আনোয়ার হোসেন নামের একজন ব্যবসায়ীর আর্থিক সহায়তায় ৭৫ ফুট বাই ২০ ফুট আয়তনের জায়গায় একটি ত্রিপলের চালা তৈরি করে দেওয়া হয়। এখন সেই ত্রিপলের চালার নিচে তিনটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
বুয়েটের ওই শিক্ষক বলেন, বৃষ্টির ছাটে শিক্ষার্থীরা যেন না ভিজে যায়, সে জন্য তাঁরা পুরান ঢাকা থেকে প্লাস্টিকের পর্দা তৈরি করে দিয়েছেন। বৃষ্টির সময় সেই পর্দা নামিয়ে দিলেই চলবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি খাতুন বলেন, তাঁরা ঢাকা থেকে মালামাল নিয়ে এসে তিন দিন ধরে কাজ করে এই চালা তৈরি করে দিয়ে গেছেন।