'প্রকৃতির সাথে সংস্কৃতি'

বাংলাদেশের প্রকৃতিতে আছে যেমন রংবদলের খেলা, তেমনই এ দেশের সংস্কৃতির আছে নিজস্ব ঐতিহ্য। প্রতিটি ঋতুরই আলাদা রূপ, রং, গন্ধ। সমৃদ্ধ এই বাংলাদেশের গ্রামে জন্মে চিত্রশিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকার নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করেন। গ্রামের নানা রূপ দেখে দেখে ছোট থেকে বড় হয়েছেন তিনি। দেখেছেন নদীতে নানা রঙের পাল তোলা নৌকা, রমণীদের কলসি কাঁখে পানি আনতে যাওয়া, কৃষকের ধানমাড়াই, সোনালি ধানের খেত, শুনেছেন দই কাঁধে ঘোষেদের ডাক, টিনের চালে বৃষ্টির মন জুড়ানো শব্দ। আর এসব দৃশ্য বারবার ফিরে এসেছে তাঁর সাম্প্রতিক সময়ের চিত্রকর্মগুলোয়।
গেল শুক্রবার থেকে আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে চিত্রশিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকারের চতুর্থ একক চিত্রকর্ম প্রদর্শনী। এতে ঠাঁই পেয়েছে ৪০টি চিত্রকর্ম। ছবিগুলো সম্পর্কে শিল্পী বলেন, ‘আমার গ্রামের দক্ষিণ দিকে ছিল ছোট্ট এক নদী। সে নদী পশ্চিম থেকে পুবে বয়ে যেত। নদীর পাশে হাট বসত। পাল তোলা নৌকায় করে ব্যবসায়ীরা মালামাল আনা-নেওয়া করতেন। আমি নদীর পাড়ে বসে সেসব দেখতাম। নৌকার আসা-যাওয়ার মাঝে রং-বেরঙের পাল আমাকে বেশি টানত। তা ছাড়া গ্রামে থাকার কারণে নানান ঋতুর রূপ, রং, গন্ধ মেখেই প্রথম জীবন কেটেছে আমার। সব মিলিয়ে এগুলো আমার ছবি আঁকায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’ প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।