‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জেভিরিয়ান থাকতে চাই’
যাত্রা শুরুর ভবনটি এখন কেবলই ছবি। এটি টাঙানো ছিল মঞ্চের পেছনে। কালের গর্ভে বিলীন হয়েছে সেই ভবন। তবে বহাল তবিয়তে টিকে থেকে ১০০ বছর অতিক্রম করল ১৯১২ সালে যাত্রারম্ভ করা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল।গতকাল শুক্রবার উদ্যাপিত হলো পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার ঐতিহ্যবাহী বিদ্যালয়টির শতবর্ষপূর্তি। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল নয়টায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। প্রধান অতিথি বিশপ থিওটনিয়াস গমেজ, বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বিশপ পৌলিনুস কস্তা, ফাদার থিওটনিয়াস প্রশান্ত রিবেরু ও লক্ষ্মীবাজার গির্জার পালপুরোহিত ফাদার শ্যামল গমেজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী সিস্টার রেনু মারীয়া পালমা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রাক্তন ছাত্রীরা পরিবেশন করেন ‘আলোর পথযাত্রী’ গানটি।উদ্বোধনী পর্বের আলোচনায় উঠে আসে স্কুলের প্রতিষ্ঠাতা আওয়ার লেডি অব দ্য মিশনস (আরএনডিএম) ধর্মসংঘের প্রতিষ্ঠাতা ইউফ্রেজি বারবিয়ের কথা। ১৯৯৮ সালের এপ্রিলে জমি-সংক্রান্ত কারণে দুষ্কৃতকারীদের আক্রমণের ঘটনাও আলোচিত হয়েছে স্কুলের ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে।উদ্বোধনী পর্বের আলোচনা শেষে মঞ্চ চলে যায় প্রাক্তন শিক্ষার্থীদের দখলে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলিত হয়েছিলেন বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা দলে দলে আসছিলেন মঞ্চে, বলে যাচ্ছিলেন অনেক কথা। একজন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক তৌহিদা চৌধুরী বললেন, তাঁরা যত বলছেন, তাঁদের সঙ্গে তার চেয়ে বেশি কথা বলছে বিদ্যালয়টি নিজে। রবীন্দ্রনাথের গানের চরণ ‘অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি’ উদ্ধৃত করে তৌহিদা বললেন, ‘বিশ্বাস করুন, ইট-পাথরের না-বলা কথা আমরা শুনতে পাচ্ছি। আমার স্কুল আজ আমাকে অনেক কথা মনে করিয়ে দিচ্ছে।’ তৌহিদার সহপাঠী ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্রী ও বর্তমানে এই স্কুলের শিক্ষয়িত্রী আফরীনা হক তুলে ধরলেন বিদ্যালয়টির সঙ্গে তাঁদের অন্তরঙ্গতার ছবিটি। ‘এ জেভিয়ার্স জানে আমাদের প্রথম সবকিছু। এখানেই জীবনে প্রথম ভর্ৎসনার শিকার হয়েছি, আবার এখানেই শিক্ষক-শিক্ষয়িত্রীদের কাছ থেকে পেয়েছি অযাচিত ভালোবাসা। তাঁরা আমাদের শিখিয়েছেন কেমন করে পথ চলতে হবে।’১৯৮৪ সালের এসএসসি ব্যাচের ছাত্রী শাহনাজ বেগম বললেন, ‘আমি প্রাক্তন জেভিয়ার্স, আমার মেয়েও ছিল এই সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। আমি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জেভিরিয়ান থাকতে চাই।’আরেক প্রাক্তন শিক্ষার্থী মৌরী হাসান ঢাকার উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় স্কুলের আরও শাখা প্রতিষ্ঠার দাবি জানালেন। ১৯৯৮ সালের ২৮ এপ্রিল প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি আক্রান্ত হওয়ার পর শুভবোধসম্পন্ন মানুষদের প্রতিরোধ গড়ে তোলার কথা স্মরণ করলেন তিনি। মনে করিয়ে দিলেন কবি শামসুর রাহমান এ ঘটনায় ব্যথিত হয়ে কবিতাও লিখেছিলেন। শতবর্ষপূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজও সকাল নয়টায় অনুষ্ঠান শুরু হবে। দুপুরের পর রয়েছে সমাজে প্রতিষ্ঠিত জেভেরিয়ানদের স্মৃতিচারণা।